বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘এই টেস্টে যেকোনো মুহূর্তে নাটকীয় কিছু ঘটে যেতে পারে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

‘এই টেস্টে যেকোনো মুহূর্তে নাটকীয় কিছু ঘটে যেতে পারে’

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিনের খেলা শেষে বাংলাদেশ দল বেশ ভালো অবস্থানে রয়েছে, তবে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন সতর্ক করে দিয়ে বলেছেন যে, এই পাঁচ দিনের লড়াইয়ে যেকোনো মুহূর্তে “নাটকীয় মোড় নিতে পারে”।

আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা একটু আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করায়, প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান। ওপেনার সাদমান ইসলাম ৯৯ রানে এবং লিটন দাস ১০ রানে অপরাজিত রয়েছেন।

পুরো টেস্টজুড়ে পিচ কেমন আচরণ করবে তা নিয়ে নানামুখী জল্পনা-কল্পনার মধ্যেই প্রথম দিনেই কিছু চমক দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজ দারুণ সূচনা করে, শুরুতেই সিম মুভমেন্ট দিয়ে ব্যাটারদের বিপাকে ফেলে এবং পিচের অসমান বাউন্স থেকে পুরো ফায়দা তোলার চেষ্টা করে।

সংবাদ সম্মেলনে পিচে বোলারদের জন্য সহায়তা থাকার কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ সালাউদ্দিনও। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মনে হয় এই উইকেটে বোলারদের জন্য কিছু না কিছু সুবিধা আছে। তারা যদি ঠিকঠাক বোলিং করতে পারে, তবে এই উইকেট থেকে ভালো সহায়তা পেতে পারে।”

“আমি মনে করি আমাদের ব্যাটাররা পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে, যদিও আমাদের টপ অর্ডার আরও একটু ভালো করতে পারত। যদি আমরা শুরুর সময়টা ভালোভাবে সামলাতে পারতাম, তবে দল আরও ভালো অবস্থানে থাকতে পারত। তবে দিন শেষে ৩ উইকেট হারিয়ে আমরা যে অবস্থায় আছি, তাকে আমি সুবিধাজনক অবস্থানই বলব। শেষ সেশনে আমরা ভালো করেছি।”

উদ্বোধনী ব্যাটার তানজিদ তামিম দ্রুত আউট হওয়া, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ভালো শুরুর পরও ফিরে যাওয়া এবং প্রচণ্ড গরমে তাওহীদ হৃদয়ের ক্র্যাম্পে পড়ার মতো ঘটনা সত্ত্বেও বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে একটি ভালো অবস্থানে পৌঁছেছে।

তবে সালাউদ্দিন সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দিনগুলোতে আরও নাটকীয় ঘটনা অপেক্ষা করছে। তিনি আরও বলেন, “তবে আমি বলব যে এই টেস্টে যেকোনো মুহূর্তে নাটকীয় কিছু ঘটে যেতে পারে। অনেক কিছু নির্ভর করছে আমরা আগামীকাল কীভাবে খেলি, দিনটি কীভাবে শুরু করি এবং প্রথম সেশনে কীভাবে ব্যাট করি তার ওপর।”

হৃদয় দ্বিতীয় দিনে ব্যাট করার মতো ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন। তিনি জোর দিয়ে বলেন যে, দুই দল আগামীকাল কেমন শুরু করে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। হৃদয় সম্পর্কে তিনি বলেন, “আমার মনে হয় সেকালের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিকভাবে ব্যাটিং করতে পারবে।”

সালাউদ্দিন যোগ করেন, “এই টেস্টে ফল আসার খুব ভালো সম্ভাবনা আছে। তবে সব কিছু নির্ভর করবে আগামীকাল দুই দল কেমন শুরু করে তার ওপর। আমার মনে হয় দুই দলই নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর