ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার মুমিনুল হক। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজার রানের অনন্য ক্লাবে নাম লেখালেন এই বাঁহাতি ব্যাটার।
ম্যাচ শুরুর আগে এই রেকর্ড গড়তে মুমিনুলের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে উইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে ডিপ স্কয়ার লেগের দিকে সুইপ করে ২ রান নিয়ে কাঙ্ক্ষিত ১১ হাজার রানের কোটায় পৌঁছে যান তিনি।
১১,০১৭ রান নিয়ে বর্তমানে অবস্থান করছেন মুমিনুল, যার নামের পাশে রয়েছে ২৯টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেবল তুষার ইমরান ও নাঈম ইসলাম প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
১১,৯৭২ রান (৩২ সেঞ্চুরি, ৬৩ হাফ সেঞ্চুরি) নিয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান, এবং ১৮৪ ম্যাচে ১১,২৫০ রান (৩৪ সেঞ্চুরি) নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নাঈম ইসলাম। ১৬৯তম ম্যাচে এসে তাদের এই এলিট ক্লাবে যুক্ত হলেন মুমিনুল।
শামার জোসেফ ও জেডন সিলসের করা ইনিংসের শুরুর দিকে নতুন বলের সুইং ও মুভমেন্ট দারুণ ধৈর্যের সাথে সামলান মুমিনুল। পরবর্তীতে রোস্টন চেজের বোলিংয়ের বিপরীতে কাট ও সুইপ শটের মাধ্যমে সাবলীলভাবে রান তুলতে শুরু করেন তিনি। জাস্টিন গ্রিভসের করা দুটি টানা মেডেন ওভারের চাপ সামলে এগোলেও শেষ পর্যন্ত ইনিংসটি বড় করতে পারেননি।
বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড-অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়মিল করে বসেন তিনি, ফলে সহজ ক্যাচ লুফে নেন শামার জোসেফ। আউট হওয়ার আগে ৫১ বলে ৫টি চারের সাহায্যে ২৮ রানের একটি লড়াকু ইনিংস খেলেন মুমিনুল।




