বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আর্জেন্টাইন তারকাকে দলে টানার চেষ্টায় বার্সাকে ৬০২ ইউরো জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টাইন তারকাকে দলে টানার চেষ্টায় বার্সাকে ৬০২ ইউরো জরিমানা

ফুটবল ট্রান্সফার বাজারে রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে খেলোয়াড় ভেড়ানোর প্রচেষ্টা নতুন কিছু নয়। তবে এই চোরাগোপ্তা পথেই এবার বড় বিপাকে পড়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে নিয়ম ভেঙে লোভনীয় প্রস্তাব দেওয়ার অভিযোগে লা লিগার ক্লাবটিকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) রায়ে এই শাস্তির মুখে পড়ে কাতালানরা।

পুরো ঘটনার সূত্রপাত অ্যাতলেতিকো মাদ্রিদের করা সুনির্দিষ্ট অভিযোগ থেকে। ক্লাব কর্তৃপক্ষের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই আলভারেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল বার্সেলোনা ম্যানেজমেন্ট। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিভুক্ত এক তারকাকে এভাবে গোপনে প্রস্তাব দেওয়াকে ফিফার দলবদল নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে অ্যাতলেতিকো। 

পরবর্তীতে স্প্যানিশ এফএ-র ধারা ১৩৩ অনুযায়ী বার্সেলোনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়ে দেয় যে, এটি তাদের অভ্যন্তরীণ এখতিয়ারের বাইরে। শেষ পর্যন্ত স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনাকে দোষী সাব্যস্ত করে ৬০২ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকার সমপরিমাণ; প্রতীকী জরিমানা করে।

মাঠের বাইরের এই আইনি লড়াইয়ের সরাসরি প্রভাব পড়েছিল হুলিয়ান আলভারেজের ওপর। চলতি বছর এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করে নিজের ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। আর এই মন্তব্যেই চটে যান অ্যাতলেতিকো সমর্থকরা। মেত্রোপলিতানো স্টেডিয়ামে নিজেরই সমর্থকদের কাছ থেকে দফায় দফায় বিদ্রূপ ও দুয়োধ্বনি শুনতে হয় এই বিশ্বকাপজয়ী তারকাকে।

তবে সমস্ত বিতর্কের জবাব আলভারেজ দিয়েছেন নিজের বুটের জাদুতে। সম্প্রতি দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয়সূচক গোল করে অ্যাতলেতিকোকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের খুব কাছে নিয়ে গেছেন তিনি। মাঠে নিজের পারফরম্যান্স দিয়েই সমর্থকদের বরফ গলাতে শুরু করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আলভারেজ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ওটা আমার একটা ভুল ছিল। সমর্থকরা কেন আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন, তা আমি সম্পূর্ণ বুঝতে পারছি। তাদের জায়গায় আমি থাকলেও একইভাবে রাগ করতাম। বিশেষ করে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে তারা যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে গেছেন, তার পর এমন মন্তব্য করা মোটেও ঠিক হয়নি।’

উল্লেখ্য, ক্লাব ক্যারিয়ারজুড়ে দারুণ ছন্দে রয়েছেন আলভারেজ। অ্যাতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তিনি করেছেন ৫১ গোল। এর আগে ম্যানচেস্টার সিটিতে ১০৩ ম্যাচে ৩৬ গোল এবং নিজের শুরুর ক্লাব রিভার প্লেটের হয়ে ১২২ ম্যাচে ৫৪ গোল করার কৃতিত্ব রয়েছে এই তারকা স্ট্রাইকারের নামের পাশে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর