ঢাকার মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা পেল বাংলাদেশ। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের চোটের কারণে এ ম্যাচ থেকে বাদ পড়েছেন। তবে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিষয়টিকে গুরুতর হিসেবে দেখছেন না। তার আশা, তিন দিনের মধ্যে মুশফিক সুস্থ হয়ে উঠবেন এবং সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাবেন।
মঙ্গলবার নেট প্র্যাকটিসের সময় মুশফিকের তর্জনীতে চোট লাগে। প্রথমে চোটটিকে হালকা মনে হলেও পরদিন সকাল পর্যন্ত অবস্থার খুব একটা উন্নতি হয়নি। ফলে ঝুঁকি নিয়ে তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, “গতকাল অনুশীলনের সময় মুশফিকুর রহিমের তর্জনীতে চোট লাগে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু আজ সকাল পর্যন্ত অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। আমরা আশাবাদী, আগামী তিন দিনের মধ্যে তিনি সেরে উঠবেন। পরের টেস্টে তাকে পাওয়া যাবে।”
আগামী ৫ নভেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচে মুশফিক দলে ফিরতে পারেন।




