বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

শান্ত-সাদমানের প্রতিরোধে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

শান্ত-সাদমানের প্রতিরোধে লাঞ্চে বাংলাদেশ

মিরপুর টেস্টের প্রথম সেশনের চিত্রটি ঠিক যেন বাংলাদেশের ক্রিকেটের চিরচেনা এক দৃশ্যপট। দারুণ শুরুর পরও সেট হয়ে উইকেট বিলিয়ে আসার পুরোনো রোগ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি মমিনুল হক। জোমেল ওয়ারিক্যানের বলে বাজে শটে আউট হয়ে সাজঘরে ফেরার আগে অবশ্য প্রথম বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তার আউটের হতাশার পাশাপাশি শান্ত ও সাদমান জুটির ব্যাটে ভর করে লান্স বিরতিতে যাওয়ার সময় স্বস্তির পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

সকালের সেশন শুরু হয়েছিল বেশ ধাক্কা দিয়ে। দলীয় মাত্র ৯ রানের মাথায় জেইডন সিলসের বলে উইকেটরক্ষক জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এর আগে বড় এক ধাক্কা খায় দল, আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এমন বিপদের মুখে দলের রান বাড়ানোর দায়িত্ব নিজের কাঁধে নেন সাদমান ইসলাম ও মমিনুল হক। দুজন মিলে দুর্দান্ত এক জুটি গড়ে তোলার চেষ্টা করেন। তবে দলীয় ৬৮ রানের মাথায় নিজের ইনিংসটি বড় করতে ব্যর্থ হন মমিনুল। ২৮ রান করে জোমেল ওয়ারিক্যানের বল ডাউন দ্য উইকেটে এসে মিড অফে শামার জোসেফকে ক্যাচ দেন তিনি। 

টেস্ট ক্যারিয়ারে ১৩ সেঞ্চুরির মালিক এই বাঁহাতি ব্যাটার দীর্ঘ দিন ধরে শতকের খরায় ভুগছেন। শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন দুই বছর আগে কানপুর টেস্টে। এরপর ৩১ ইনিংস কেটে গেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারছেন না। থিতু হয়েও এভাবে উইকেট বিলিয়ে না দিলে সেশনটা আরও অনেক বেশি নিরাপদ হতে পারত বাংলাদেশের জন্য।

মমিনুলের বিদায়ের পর দলের ইনিংসের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সাদমান ইসলাম। এই দুজন মিলে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ৪২ রান নিয়ে দারুণ ব্যাট করে অপরাজিত আছেন, অন্যদিকে অধিনায়ক শান্তর সংগ্রহ ১৫ রান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর