আন্তর্জাতিক ফুটবলে সোনালী ট্রফি খরা কাটানোর লড়াইয়ে ধুঁকতে থাকা ব্রাজিল ফুটবল দল এবার বড় এক ধাক্কা খেল ব্যক্তিগত অর্জনের মঞ্চেও। জমকালো আয়োজনে দেওয়া হয়েছে বিশ্ব ফুটবলের মোস্ট প্রিবিজিয়াস অ্যাওয়ার্ড ‘ব্যালন ডি'অর’। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবারের সেরা দশের কোনো অবস্থানেই জায়গা পাননি কোনো ব্রাজিলিয়ান ফুটবলার। আধুনিক ব্যালন ডি'অরের ইতিহাসে এমন ঘটনা বিরল নজির হিসেবে মাত্র চতুর্থবারের মতো ঘটল।
ফুটবল বিশ্বের বহু নাটকীয়তা ও রোমাঞ্চের অবসান ঘটিয়ে এবার ব্যালন ডি'অর ট্রফি নিজের করে নিয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। এর মধ্য দিয়ে পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে এই মর্যাদাকর মুকুট অর্জন করলেন তিনি। তবে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই শীর্ষ দশে থাকা তারকাদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে সেলেসাওদের কোনো প্রতিনিধির নাম ছিল না।
গত মৌসুমের পারফরম্যান্সের মানদণ্ড বিচার করে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্থান পেয়েছেন ১৭তম অবস্থানে। মূলত তিনিই একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার যিনি সেরা বিশের তালিকায় নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন।
ফুটবল বোদ্ধাদের মতে, ব্যালন ডি'অরের শীর্ষ দশে ব্রাজিলিয়ানদের অনুপস্থিতি বেশ বড় এক হতাশার বিষয়। ঐতিহাসিক পরিসংখ্যান বলছে, এর আগে এমন খরা দেখা গেছে মাত্র তিনবার। এর মধ্যে সর্বশেষ ২০২১ সালের ব্যালন ডি'অরেও সেরা দশের বাইরে ছিল ব্রাজিল; সেবার ১৬তম স্থান দখল করে দেশের হয়ে সেরা অবস্থানে ছিলেন নেইমার জুনিয়র।
এর আগে ২০১২ সালের আসরেও শীর্ষ দশে ব্রাজিলের কেউ জায়গা পাননি, সেবারও ১৩তম স্থানে থেকে দেশটির সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছিলেন নেইমার। এছাড়া ২০০৮ সালের আসরেও সেরা দশের বাইরে থাকতে হয়েছিল সেলেসাওদের, যেখানে ১১তম স্থানে ছিলেন তৎকালীন সময়ের তারকা কাকা।




