ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে বাংলাদেশ জাতীয় দল ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক ও সমস্যাকে গুরুত্ব দিতে রাজি নন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে এসব পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং এটি খেলোয়াড়দের মনোযোগ সরানোর কোনো কারণ হতে পারে না।
আগামী বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তবে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে খেলোয়াড়দের নিবেদনের অভাব নিয়ে আলোচনা এবং সিরিজ শুরুর মাত্র কয়েক দিন আগে ব্যাটিং কোচকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপাড়ায় বেশ আলোচনা ও দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে।
সোমবার মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে সিমন্সকে প্রশ্ন করা হলে তিনি বেশ সোজাসাপ্টা মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনারা আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন এবং বিশ্ব ক্রিকেটও দেখছেন আমার চেয়ে দীর্ঘদিন ধরে। কোনো ম্যাচের আগে এমন বিশৃঙ্খলা তৈরি হওয়া কি এবারই প্রথম? অবশ্যই না, তাই তো?"
বাংলাদেশ কোচ স্পষ্ট করেন যে, মাঠের বাইরের ঘটনা না ভেবে দলের মূল মনোযোগ দেওয়া উচিত তাদের প্রস্তুতির ওপর। সিমন্স বলেন, "প্রতিটি সিরিজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুই বছরের ডাব্লিউটিসি চক্রের শুরুতে আমরা যেসব সিরিজ খেলেছি সেগুলোও গুরুত্বপূর্ণ ছিল। তবে আসল বিষয় হলো- আমরা কীভাবে আমাদের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এবং সিরিজের প্রস্তুতি নিচ্ছি।"
অনুশীলন ক্যাম্পে দলের খেলোয়াড়দের কাজের প্রতি নিষ্ঠা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, "গত তিন-চার দিন ধরে এখানে থাকা দলটি সত্যিই চমৎকার কাজ করেছে। তারা তাদের প্রস্তুতি সেরে নিয়েছে এবং এখন পুরো দল এক জায়গায় হয়েছে। আগামী দুই দিনে আমরা দল হিসেবে কীভাবে প্রস্তুতি নিচ্ছি সেটাই আসল বিষয়; বাইরে কী ঘটছে তাতে কিছু যায় আসে না।"
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সিনিয়র খেলোয়াড় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চপদস্থ কর্তাদের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন সিমন্স। তবে এই বৈঠক কোনো নির্দিষ্ট ম্যাচের রণকৌশল নিয়ে নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করতেই আয়োজিত হয়েছিল বলে তিনি ব্যাখ্যা দেন।
সিমন্স বলেন, "আমি সেই বৈঠকে উপস্থিত ছিলাম। মূলত বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়েই বৈঠকটিতে আলোচনা করা হয়েছে।"
মাঠের বাইরের সব বিতর্কের ইতি টেনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিবাচক ফলাফল পেতেই এখন চোখ বাংলাদেশ ক্রিকেট দলের।




