শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইনিংস ব্যবধানে হারের পর অজিদের দলে অনিশ্চিত ৩ তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

ইনিংস ব্যবধানে হারের পর অজিদের দলে অনিশ্চিত ৩ তারকা ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ক্ষোভ আর হতাশা চেপে রাখতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। সোজাসাপ্টা ভাষায় স্বীকার করে নিয়েছেন, এমন বাজে পারফরম্যান্সের পর আর "ভুলগুলো ঢেকে রাখা সম্ভব নয়।" এই লজ্জাজনক হারের পরপরই দলের অন্তত তিনজন ক্রিকেটারের ভবিষ্যৎ এখন ঝুলন্ত সুতোয় ঝুলছে।

বৃহস্পতিবার কেবেখার সেন্ট জর্জ পার্ক টেস্টে স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে যায় অজিরা। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল প্রোটিয়ারা। আগামী সপ্তাহে কেপটাউনে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টেস্টটিই এখন হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী মহারণ।

ম্যাচের প্রথম ইনিংসে অজিদের ব্যাটিং লাইনআপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, অলআউট হয়ে যায় মাত্র ৯৯ রানে। এরপর আবার ব্যাটিংয়ে নেমে ২৯৫ রানে থামে তাদের লড়াই। পুরো ম্যাচে অজিদের একমাত্র প্রাপ্তি বলতে ট্র্যাভিস হেডের অনবদ্য ১২১ রান এবং নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডের ১৬৬ বলে লড়াকু ৪০ রানের ইনিংস।

সিরিজের মাঝপথে এসে ক্যাঙ্গারুদের এমন যাচ্ছেতাই আত্মসমর্পণ মেনে নিতে পারেনি অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। শিরোনামে উঠে এসেছে, 'হরর শো', 'বিশৃঙ্খল অজি দল' এবং 'নগ্ন করুণ ব্যর্থতা'-র মতো কড়া সব শব্দবন্ধ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স অকপটে বলেন, "প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নিশ্চিতভাবেই এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয়, একটা জয় অনেক সময় দলের ভেতরের দুর্বলতা বা ক্ষতগুলোকে ঢেকে রাখে। কিন্তু বড় একটা হার খেলোয়াড় হিসেবে নিজের ভেতরের কঠিন প্রশ্নগুলো তুলে ধরে এবং নতুন করে জেগে উঠতে বাধ্য করে।"

কেপটাউনে হতে যাওয়া অলিখিত ফাইনালের আগে অন্তত তিনজন অজি ক্রিকেটারের একাদশে থাকা নিয়ে উঠেছে বড় প্রশ্নচিহ্ন। তাদের মধ্যে সবচেয়ে বড় আলোচনায় মার্নাস লাবুশেন, যিনি দীর্ঘ তিন বছর ধরে টেস্টে কোনো শতকের মুখ দেখেননি।

তিন নম্বরে নামা লাবুশেনকে নিয়ে কামিন্স বলেন, "সে আসলে কঠিন কাজটি করে ফেলছে, ৩০ রান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তবে তাকে বুঝতে হবে কীভাবে এই ৩০ রানের ইনিংসগুলোকে বড় স্কোরে রূপান্তর করা যায়। কারণ ৩০ রান আপনাকে ম্যাচ জেতাবে না। আগামী দু-একদিন আমরা এটা নিয়ে কাজ করব। সিরিজে আর মাত্র একটি টেস্ট বাকি, আমাদের যেকোনো মূল্যে এটি জিততেই হবে।"

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দলে ফেরা ওপেনার নিক ম্যাডিনসনও রয়েছেন চরম অনিশ্চয়তায়। চলতি সিরিজের দুই টেস্টের চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০, ৪৮, ০ এবং ৮ রান। অফ-ফর্মের কারণে অলরাউন্ডার বো ওয়েবস্টারের একাদশে জায়গাও এখন বেশ নড়বড়ে।

ইনজুরির কারণে প্রথম দুই টেস্ট মিস করা ক্যাঙ্গারু অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কেপটাউনে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানা গেছে। পাশাপাশি ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন জশ ইংলিসও। স্কোয়াডে তরুণ কুপার কনোলির মতো বিকল্পও প্রস্তুত রাখছে টিম ম্যানেজমেন্ট।

তবে কেবেখায় স্পিনার নাথান লায়নের জায়গায় একাদশে সুযোগ পাওয়া পেসার স্কট বোল্যান্ডকে বাদ দেওয়া অজিদের জন্য বেশ কঠিন হবে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে নিজের দাবি জোরালো করে রেখেছেন তিনি।

কেপটাউনের পিচের মেজাজ বুঝে অস্ট্রেলিয়া কি আবারও চার পেসার নিয়ে নামবে, নাকি একাদশে ফেরানো হবে স্পিন জাদুকর লায়নকে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

দল নির্বাচন নিয়ে যে বেশ শক্ত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, তা মেনে নিয়ে কামিন্স বলেন, "এটাই আসল চ্যালেঞ্জ। আপনি কি কাউকে আরও একটা সুযোগ দেবেন, নাকি এখনই পরিবর্তনের সঠিক সময়? আপনাকে বুঝতে হবে কেউ কি একদম ফর্মে ফেরার কাছাকাছি দাঁড়িয়ে আছে, নাকি নতুন কাউকে নিয়ে আসার সময় পার হয়ে যাচ্ছে?"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর