শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অবহেলাজনিত মৃত্যু মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২২ ডিসেম্বর। দীর্ঘ ছয় মাসের বিচারিক শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে রায়ের এই তারিখ জানানো হয়।

ফুটবল মহানায়কের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে অভিযুক্ত সাতজন স্বাস্থ্যসেবীর বিরুদ্ধে চলা এই বিচারকাজ বৃহস্পতিবার শেষ হয়। শেষ দিনে আদালতে ম্যারাডোনার কন্যা এবং কয়েকজন আসামির সংক্ষিপ্ত বক্তব্য গ্রহণ করা হয়।

আবেগাপ্লুত কণ্ঠে কান্নাজড়িত গলায় ম্যারাডোনার মেয়ে ডালমা ম্যারাডোনার আদালতে বলেন, "অন্য সবার মতোই আমার বাবাও যেন তার প্রাপ্য সুবিচার পান... সেই আশাই করছি।" মামলার মূল অভিযুক্ত ম্যারাডোনার প্রধান ব্যক্তিগত চিকিৎসক লেয়োপোলদো লুক নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতে বলেন, "আমি নির্দোষ।"

২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসের উত্তরের শহরতলী তিগ্রেতে নিজের ভাড়া বাসায় বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় ৬০ বছর বয়সী এই ফুটবল মহানায়ককে। একটি ছোটখাটো নিউরোসার্জারি বা মস্তিষ্কের অস্ত্রোপচারের পর সেখানে তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছিল। ফুসফুসের এডিমা বা পানি জমার পাশাপাশি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। অতীতে মাদকাসক্তির ইতিহাস থাকা বিশ্ব ফুটবলের এই অবিসংবাদিত তারকার প্রয়াণে করোনা মহামারীর চরম সংকটের মাঝেই শোকস্তব্ধ হয়ে পড়েছিল পুরো আর্জেন্টিনা।

চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ৭০ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। মামলায় অভিযুক্ত সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ডের আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা। এর মধ্যে প্রধান অভিযুক্ত চিকিৎসক লেয়োপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাওয়া হয়েছে।

বুধবার সমাপনী যুক্তিতর্কে লুকের আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ম্যারাডোনার মৃত্যু যে অনিবার্য ছিল বা হতে পারে তা আগে থেকে বোঝা সম্ভব ছিল না। রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রত্যাখ্যান করে লুকের আইনজীবীরা তার মক্কেলকে বলির পাঁঠা বানানো হচ্ছে বলে আদালতে দাবি করেন।

সমগ্র বিচার প্রক্রিয়াজুড়ে আসামিদের মধ্যে সবচেয়ে মারমুখী ও সোচ্চার ভূমিকায় দেখা গেছে লেয়োপোলদো লুককে। নিজের নাম বা দায় উঠে আসার পর একাধিকবার দাঁড়িয়ে কথা বলেছেন তিনি। তার আইনজীবী দল আদালতে অডিও রেকর্ডিং, বৈজ্ঞানিক আর্টিকেল এবং এমনকি ম্যারাডোনার ময়নাতদন্তের ভিডিও প্রদর্শন করে, যা ফুটবল কিংবদন্তির কন্যাদের প্রচণ্ড ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশে বাধ্য করে।

নিজের পক্ষে যুক্তি দিয়ে লুক আদালতে বলেন, "আমাকে আক্রমণ করা সবচেয়ে সহজ, কারণ ম্যারাডোনার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ আমারই ছিল। একমাত্র দিয়েগো বেঁচে থাকলে আজ আমার হয়ে সাফাই গাইতেন।" তিনি আরও যোগ করেন, "আমি তাকে গভীরভাবে ভালোবাসতাম, সম্মান করতাম। তিনি ছিলেন আমার আইডল এবং আমার বন্ধু।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর