বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোমোর কাছে হেরেও চাকরি নিয়ে চিন্তিত নন ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

কোমোর কাছে হেরেও চাকরি নিয়ে চিন্তিত নন ম্যানইউ কোচ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান নবাগত ক্লাব কোমোর মাঠে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তিনবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। সেস ফাব্রেগাসের অধীনে প্রথমবার ইউরোপ সেরা টুর্নামেন্টে খেলতে আসা কোমোর দুর্দান্ত ফুটবলের সামনে এক প্রকার উবে গেছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ জয়হীন থাকা এবং গত ৪০ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরুর মুখ দেখলেও নিজের চাকরি খোয়ানোর বিষয়ে একেবারেই চিন্তিত নন ম্যানইউ কোচ মাইকেল কারিক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চাকরি হারানোর শঙ্কা প্রসঙ্গে প্রশ্নের জবাবে কারিক সোজা জানান, "আমি আমার নিজের অবস্থান বা চাকরি নিয়ে বিন্দুমাত্র ভাবছি না।"

স্টাদিও জুসেপ্পে সিনিয়াগ্লিয়াতে ম্যাচের দুই মিনিটের মাথায় নিকো পাসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এর মাধ্যমে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা দুই ইউরোপীয় ম্যাচে শুরুর দুই মিনিটের মধ্যে গোল খাওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে তারা। বিরতির পর ফাব্রেগাসের শিষ্যরা ব্যবধান ৪-০ বানিয়ে ফেলে। ইনজুরি টাইমে জোশুয়া জিরকজি ইউনাইটেডের হয়ে একটি সান্ত্বনা সূচক গোল শোধ করেন।

দলের এমন কঙ্কালসার চেহারা দেখে ক্ষোভ উগরে দিয়ে কারিক বলেন, "আমাদের এই ধরনের ফুটবল খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা একদমই ভালো পারফরম্যান্স ছিল না। লিডস ম্যাচের পর যে তীব্রতা ও লড়াইয়ের মানসিকতা আমরা আশা করেছিলাম, আজ মাঠে তার পুরো বিপরীত চিত্র দেখা গেছে। সত্যি বলতে, ম্যাচটা দেখা খুব কঠিন ছিল। আমি ভীষণ হতাশ এবং সত্যি বলতে অনেক রাগান্বিত।"

তিন বছরের মধ্যে ক্লাবকে দ্বিতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে এনে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে উড়ানো কোমোর ১০০ বছরের ইতিহাসে সেরা রাতগুলোর একটি। তবে এই জয় সত্ত্বেও শিষ্যদের ভাসতে বারণ করেছেন সাবেক আর্সেনাল ও বার্সা তারকা ফাব্রেগাস, "ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর প্রভাব সংবাদমাধ্যমের কাছে বিশাল হতে পারে, কিন্তু আমাদের শান্ত ও বিনয়ী থাকতে হবে। এই জয় আমাদের পথ পরিবর্তন করবে না। সামনে সাস্তুওলো ম্যাচ রয়েছে, যেখানে আমাদের একই বা তার চেয়েও ভালো ফুটবল খেলতে হবে।"

রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচের আগে খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক ও কৌশলগত দিক থেকে প্রস্তুত করাই এখন কারিকের বড় চ্যালেঞ্জ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর