মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ কোচের কড়া হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ কোচের কড়া হুঁশিয়ারি

আরবি লাইপজিগের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো দলের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রসহ সব তারকা খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মাঠে ভালো পারফর্ম করা ছাড়া একাদশে কারোর স্থান নিশ্চিত নয়।

চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ফর্মে না থাকা ভিনিসিউস প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার অপরাধে লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন। তবে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আরবি লাইপজিগের বিপক্ষে তিনি খেলতে প্রস্তুত। অন্যদিকে, ভিনির অনুপস্থিতিতে রিয়ালের রেকর্ড ১৪০ মিলিয়ন ইউরোর নতুন আইভোরিয়ান সাইনিং ইয়ান দিওমান্দে সেভিয়ার বিপক্ষে অসাধারণ গোলসহ চোখধাঁধানো পারফর্ম করে নজর কেড়েছেন।

দিওমান্দের চমৎকার ফর্মের কারণে ভিনিসিয়ুসের মূল একাদশে জায়গা অনিশ্চিত কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, "শুধুমাত্র ক্লাবের ব্যাজটাই বিক্রির জন্য নয়। 'বিক্রির জন্য নয়' এমন ধারণা আমি একদম পছন্দ করি না। নাম, অধিনায়কের আর্মব্যান্ড, কত বছর ধরে ক্লাবে আছে কিংবা তাকে কিনতে কত টাকা খরচ করা হয়েছে- এগুলো কাউকে 'বিক্রির জন্য নয়' করে তোলে না; মাঠে তার পারফরম্যান্সই তাকে এমন বানায়।"

মরিনহো নিশ্চিত করেছেন যে লাইপজিগের বিপক্ষে ভিনিসিয়ুস বাঁ-পাশের উইঙেই খেলবেন, তবে দিওমান্দে শুরু থেকেই থাকবেন কি না তা এখনো জানাননি।

চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৬ পয়েন্ট পিছিয়ে ৩ নম্বরে রয়েছে তারা। আগামী রবিবারই বার্সেলোনার মাঠে মহাগুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।

মাদ্রিদে তাঁর দ্বিতীয় মেয়াদের তিন-চার মাস কেটে গেলেও দলটি এখনো তাঁর প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে স্বীকার করেন মরিনহো, "আমরা যেখানে পৌঁছাতে চাই, সেখানে পৌঁছানো এখনই সম্ভব নয়। তবে এখানে চরম পেশাদারত্ব ও সাফল্যের চাহিদা সর্বোচ্চ। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত আমি এখানে ছিলাম, তাই এখানকার পরিবেশ আমার খুব ভালো জানা আছে।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর