ভুটান সফর শেষে টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশন কংগ্রেসে যোগ দেওয়ার পথে মঙ্গলবার ঢাকায় এক সংক্ষিপ্ত যাত্রা বিরতি দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ এবং ফাহাদ করিম।
সংক্ষিপ্ত এই যাত্রাবিরতিতে বিএফএফ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ইনফান্তিনো জোর দিয়ে জানান যে, বাংলাদেশে তথা পুরো দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের সার্বিক উন্নতির জন্য ঘরোয়া ফুটবলের মানোন্নয়ন অত্যন্ত জরুরি।
সাক্ষাৎ শেষে বিএফএফ সহ-সভাপতি ফাহাদ করিম সাংবাদিকদের বলেন, "ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছু আলোচনা হয়েছে। তিনি দক্ষিণ এশিয়ায় ঘরোয়া ফুটবলের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।"
ফাহাদ করিম আরও জানান, দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে একটি আঞ্চলিক ক্লাব টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতির সাথেও আলোচনা করেছেন ইনফান্তিনো। এএফসি কংগ্রেস উপলক্ষে টোকিওতে এ বিষয়ে অন্যান্য সদস্য দেশের কর্মকর্তাদের সাথে আরও বিস্তারিত আলোচনা হতে পারে। এ ধরনের আঞ্চলিক টুর্নামেন্ট চালু হলে ক্লাবগুলোর আন্তঃদেশীয় প্রতিযোগিতার সুযোগ বাড়বে।
বাংলাদেশ ফুটবলে ফিফার অর্থায়ন প্রসঙ্গে ফাহাদ করিম জানান, বিএফএফ টেকনিক্যাল সেন্টারে ইতোমধ্যেই ফিফার একটি বড় প্রজেক্ট চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস আগেই দিয়েছেন ফিফা প্রধান। এছাড়া আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর জন্য অনুদান বৃদ্ধির যে প্রস্তাব রয়েছে, তা পাস হলে বাংলাদেশের ফুটবলে ফিফার বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।




