মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে কোনো ইংরেজকেই চান ফ্লেমিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে কোনো ইংরেজকেই চান ফ্লেমিং

ইংল্যান্ড পুরুষ টেস্ট দলের নবনিযুক্ত হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, তাঁর মতে যেকোনো জাতীয় দলেরই প্রধান কোচ হওয়া উচিত সেই দেশের কোনো প্রতিনিধি। ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়া নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব নিবেন।

বিবিসি রেডিও ৫ লাইভ-এ দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেমিং জানান, তাঁর মেয়াদকালে ব্যাকরুম স্টাফ ও ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে নতুন ইংলিশ কোচ গড়ে তোলা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার হবে।

ফ্লেমিং বলেন, "আমি বিশ্বাস করি যে একটি জাতীয় দলের প্রধান কোচ হওয়া উচিত সেই দেশেরই কোনো যোগ্য প্রতিনিধি। ইংল্যান্ডের মতো দলের দায়িত্ব পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ, তবে আমার মেয়াদের অন্যতম কাজ হবে ইংলিশ কোচিং ব্যবস্থার বিকাশ ঘটানো- যার প্রতিফল আপনারা আমাদের সহকারী কোচদের তালিকায় দেখতে পাবেন।"

১৯৯৯ সালের পর থেকে ইংল্যান্ড পুরুষ টেস্ট দলের দায়িত্ব সামলেছেন মাত্র দুজন স্থানীয় ইংলিশ কোচ- পিটার মুরস (দুই দফায়) এবং ক্রিস সিলভারউড। বাকি সময় দল পরিচালনা করেছেন বিদেশি কোচেরা। বর্তমানেও জাতীয় পুরুষ দলের দুটি মূল কোচের পদে দুজন নিউজিল্যান্ডার (টেস্টে ফ্লেমিং, সাদা বলে ম্যাককালাম) দায়িত্ব পালন করছেন, আর ম্যানেজিং ডিরেক্টর ও নির্বাচক পদে আছেন অস্ট্রেলিয়ানরা।

ফ্লেমিংয়ের নতুন কোচিং প্যানেলে রাখা হয়েছে সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক, উইকেটরক্ষক জেমস ফস্টার এবং স্পিনার রিচার্ড ডসনকে। এছাড়া কাউন্টি ক্রিকেট দলের কোচদেরও পর্যায়ক্রমে জাতীয় দলের সাথে কাজ করার এবং পরামর্শ দেওয়ার সুযোগ তৈরি করা হবে বলে জানান তিনি। আগামী গ্রীষ্মের অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে ফ্লেমিং নিজে কাউন্টি ম্যাচগুলোতে উপস্থিত থাকবেন।

আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে দল ঘোষণা করবে ইংল্যান্ড। এর পরপরই ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশ সফর করবে ইংলিশরা।

বাংলাদেশ সফরের টার্নিং উইকেটের কথা মাথায় রেখে স্পিন বিভাগে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ফ্লেমিং জানান, শোয়েব বশির নিয়মিত স্পিনার হিসেবে চুক্তি পেলেও বাংলাদেশের কন্ডিশনে তারা ‘হর্সেস ফর কোর্সেস’ নীতি অনুসরণ করবেন। স্পিন বান্ধব উইকেটে একাদশে ২ থেকে ৩ জন স্পেশালিস্ট স্পিনারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইংলিশ কোচের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর