মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ৪২ প্রশ্নের উত্তর চেয়ে উয়েফার চিঠি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ৪২ প্রশ্নের উত্তর চেয়ে উয়েফার চিঠি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রশাসন ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। ইনফান্তিনোর প্রেসিডেন্সি, স্থগিত হওয়া ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রজেক্ট এবং ‘ফিফা পিস প্রাইজ’ সহ বিভিন্ন বিষয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে লিখিত জবাব চেয়ে ফিফাকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে উয়েফা। স্কাই স্পোর্টসসহ ব্রিটিশ গণমাধ্যমগুলো সোমবার এই খবর প্রকাশ করেছে।

বিতর্কিত এফএফই প্রজেক্ট- যার মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল, তা সামনে আসার পর থেকেই ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সরব হয় উয়েফা। 

তীব্র সমালোচনার মুখে প্রজেক্টটি বাতিল করা হয় এবং ৫৬ বছর বয়সী ইনফান্তিনো গত সপ্তাহে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়ে জানান, তাঁর গভর্ন্যান্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা যেন লিখিত আকারে জমা দেওয়া হয় যাতে ১৬ ডিসেম্বরের পরবর্তী কাউন্সিলে তিনি উত্তর দিতে পারেন।

তবে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় উয়েফা। উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস ফিফার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের কাছে চিঠি পাঠিয়ে ১২টি ভিন্ন বিষয়ে মোট ৪২টি প্রশ্নের দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

চিঠিতে থিওডোরিডিস উল্লেখ করেন, "এই প্রশ্নগুলোর উত্তর এখনই প্রয়োজন। আগামী ফিফা কাউন্সিল বৈঠক পর্যন্ত এগুলো স্থগিত রাখা যাবে না- কিংবা ভবিষ্যতের সংস্কার প্রস্তাব দেখিয়ে পূর্বে নেওয়া ভুল সিদ্ধান্ত ও জবাবদিহিতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।"

আগামী ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থিতা বা মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ইনফান্তিনোর ওপর উয়েফাসহ ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোর চাপ তত তীব্র হচ্ছে।

এই চিঠির বিষয়ে উয়েফা বা ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর