মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ব্রাজিল তারকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ব্রাজিল তারকার

মাঠের পারফরম্যান্স নিয়ে কঠিন সময় পার করছেন টটেনহ্যাম হটস্পারের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ক্লাব ফুটবলে মূল স্কোয়াডের বাইরে থেকে অনূর্ধ্ব-২১ দলের হয়ে লড়তে হচ্ছে তাকে। এর মাঝেই মাঠের বাইরের এক বিশাল আর্থিক সংকট ও আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই তারকা ফুটবলার। প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল খরচ করে কেনা তার একটি ব্যক্তিগত দ্বীপ দখলের অভিযোগ উঠেছে খোদ ব্রাজিলের রাজনীতিতে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ব্রাজিলের রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গন।

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে রিচার্লিসন রিও ডি জেনেইরো উপকূলের কাছে একটি ব্যক্তিগত দ্বীপ কেনেন। দ্বীপটির পেছনে তিনি প্রায় ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বিনিয়োগ করেছিলেন। কিন্তু সম্প্রতি রিচার্লিসন অভিযোগ করেছেন যে, ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে সিনেটর ফাভিও বোলসোনারো এবং ওয়েলার টমাস নামের এক ব্যক্তি জোরপূর্বক তার দ্বীপটি দখল করে নিয়েছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে রিচার্লিসন বলেন, 'আমি দ্বীপটি তার কাছে বিক্রি করতে চাইনি, আর সে কারণেই তারা আইনি প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরিস্থিতি জটিল করে তোলে। আমরা যখন দ্বীপটির মালিকানা কাগজ চূড়ান্ত করছিলাম, তখন তারা জানায় যে এই কাগজপত্রের কাজ শেষ হতে মাস বা বছর পার হয়ে যেতে পারে।'

তিনি আরও যোগ করেন, 'ফাভিও বোলসোনারো এবং ওয়েলার টমাস সেখানে যায় এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দ্বীপটি দখল করে নেয়। এখানেই বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে। যতদূর জানি, তারা একটি পয়সাও খরচ না করেই দ্বীপটি নিয়ে নিয়েছে। অথচ আমি সেখানে প্রায় ১ কোটি রিয়াল বিনিয়োগ করেছি এবং শেষ পর্যন্ত কিছুই পাইনি।'

এই ঘটনায় পুলিশের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন রিচার্লিসন। পাশাপাশি তার বিনিয়োগকৃত অর্থের কী হলো, তা জাতির সামনে স্পষ্ট করার জন্য ফলোয়ার ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে রিচার্লিসনের এই গুরুতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফাভিও বোলসোনারো। ডানপন্থী এই রাজনৈতিক নেতার সমালোচনায় মুখর হওয়া ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ও ইনফ্লুয়েন্সার জুলিয়েটের একটি ভিডিওর কমেন্ট বক্সে বোলসোনারো এই অভিযোগগুলোকে স্রেফ 'গুজব' বা 'ফেক নিউজ' বলে উড়িয়ে দেন।

তবে থেমে থাকেননি রিচার্লিসনও। বোলসোনারোর সেই দাবির জবাবে রিচার্লিসন অত্যন্ত সংক্ষিপ্ত ও কড়া এক প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, 'আর আমার দ্বীপটির কী হলো?'

রিচার্লিসনের এই মন্তব্য মুহূর্তেই ব্রাজিলের জনমতকে নাড়া দিয়েছে। বিশেষ করে দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের টানটান উত্তেজনার মাঝে এই ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর