রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের এক ম্যাচে অজানা এক ব্যাটার যেন হঠাৎই ইতিহাসের পাতায় ঢুকে গেলেন। মিজোরামের হয়ে নাগাল্যান্ডের বিপক্ষে চিন্ময় সুতার প্রথম ইনিংসে অপরাজিত ৪০০ রান করে ফেললেন। ১৯৪৮ সালে বিবি নিম্বালকরের পর রঞ্জি ট্রফিতে এমন কীর্তি গড়া দ্বিতীয় ভারতীয় তিনি।
সোভিমায় নাগাল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের খেলায় মিজোরাম প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫৮১ রানে। সুতারের ম্যারাথন ইনিংসই ছিল দলের মূল ভরসা। ৫১৭ বলে তিনি ৪৬টি চার ও সাতটি ছক্কা হাঁকান। টি ব্রেকের সময় তাঁর স্কোর ছিল ৩৯২। এরপর ১৫৫তম ওভারে ৪০০ রানে পৌঁছোনোর পরই ইনিংস ঘোষণা করা হয়।
শেষ উইকেটে লালরেমপুইয়া ছকছুয়াকের সঙ্গে অবিচ্ছিন্ন প্রায় ১৯০ রানের জুটি গড়েন সুতার। ছকছুয়াক অপরাজিত থাকেন ১৪ রানে। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন জেহু অ্যান্ডারসন (৬৯)।
রঞ্জি ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখন সুতারের জায়গা দ্বিতীয়। শীর্ষে আছেন মহারাষ্ট্রের বিবি নিম্বালকর (অপরাজিত ৪৪৩, ১৯৪৮-৪৯ মৌসুমে কাথিয়াওয়াড়ের বিপক্ষে)। তৃতীয় স্থানে পৃথ্বী শ (৩৭৯, মুম্বাইয়ের হয়ে আসামের বিপক্ষে)। এরপর সঞ্জয় মাঞ্জরেকারসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
সব ধরনের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৪০০ বা তার বেশি রান করা ব্যাটারদের তালিকায় সুতার দশম। এই তালিকায় ব্রায়ান লারা (অপরাজিত ৫০১), ডন ব্র্যাডম্যানসহ কিংবদন্তিদের নাম আছে।
সুতারের ক্রিকেট যাত্রাও চমকপ্রদ। চলতি বছরের শুরুর দিকে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর মিজোরামে সুযোগ পেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নাম লেখান। মণিপুরের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৩৫ ও দ্বিতীয় ইনিংসে ৯৯ রান করেছিলেন। মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচেই এই রেকর্ড গড়া সত্যিই বিরল।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এনওসি নিয়ে এ মৌসুমে মিজোরামে যোগ দেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। স্থানীয় লিগ ও মুম্বাই টি-টোয়েন্টি লিগে ভালো পারফরম্যান্সের পরই সুযোগটা এসেছে।




