সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়ালকে ব্যঙ্গাত্মক খোঁচা সেভিয়ার— ‘চুরির জাদুঘর গেছেন আপনারা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

রিয়ালকে ব্যঙ্গাত্মক খোঁচা সেভিয়ার— ‘চুরির জাদুঘর গেছেন আপনারা’

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পর সেভিয়া ক্লাবের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। খেলোয়াড় থেকে কোচ, সবাই মনে করছেন; রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, সেভিয়ার অসন্তোষ শুধু মাঠের খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রধান কোচ লুইস গার্সিয়া প্লাজাও তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। ক্লাবের বিশ্বাস, একের পর এক প্রভাবশালী সিদ্ধান্তের কারণে তারা সমানভাবে লড়ার সুযোগই পায়নি। এর কয়েক দিন আগে লেভান্তের বিপক্ষে আইজ্যাক রোমেরোর লাল কার্ড নিয়েও ক্লাব আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক পোস্ট দিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে সেভিয়া। ফরাসি তারকা কিলিয়ান এমবাপের গোলকে প্যারিসের ল্যুভর জাদুঘরের শিল্পকর্মের সঙ্গে তুলনা করেছিল স্প্যানিশ মিডিয়া মোভিস্টার। এর জবাবে সেভিয়া ব্যঙ্গাত্মক সুরে লিখেছে, “প্রাদো জাদুঘর এত কাছে থাকতে আপনারা কি না গেলেন চুরির জন্য বিখ্যাত জাদুঘরে!” এই মন্তব্যের মাধ্যমে মূলত রেফারিংয়ের মানকেই তীব্র আক্রমণ করা হয়েছে।

ক্লাবের দ্বিতীয় বড় অভিযোগ ছিল রিয়ালের এক গোলের ঠিক আগে ওসোর ওপর ইব্রাহিমা কোনাতের চ্যালেঞ্জ নিয়ে। ভিএআর রিপ্লে দেখাতে দেরি হওয়ায় সেভিয়ার ক্ষোভ আরও বেড়েছে। কোচ গার্সিয়া প্লাজা বিশেষভাবে পেকের ওপর আর্দা গুলারের ফাউলের কথা তুলে ধরেছেন। সেখানে কোনো শাস্তিযোগ্য ফাউল দেখানোর জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হস্তক্ষেপ করেননি।

হারের পর কোচ বলেছেন, “তারা আমাদের একটা অন্যরকম ম্যাচ খেলার সুযোগই কেড়ে নিয়েছে।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এবং দলের জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছে। রিয়ালের গোলের আগে ওসোর ওপর কোনাতের ফাউল নিয়ে তার ক্ষোভের অন্ত ছিল না। এর আগে লেভান্তের বিপক্ষে রোমেরোর লাল কার্ডের সিদ্ধান্ত নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন এবং অতীতের অনুরূপ ঘটনাগুলো মনে করিয়ে দিয়েছেন।

খেলোয়াড় হুয়ান ইগলেসিয়াসও এসব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সেভিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ক্লাবের অবস্থান এক লাইনে তুলে ধরা হয়েছে, “একটি কনুইয়ের আঘাত, আর এভাবেই সব শেষ!” ক্লাবের ক্ষোভের পারদ দিন দিন আরও চড়ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর