সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে কাকে সমর্থন দেবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে কাকে সমর্থন দেবে বাংলাদেশ?

জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের লজ্জা ভুলে আজ ভিন্ন এক প্রত্যাশায় টিভির সামনে বসবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের ৯৯ রানের ব্যবধানে হারানো জিম্বাবুয়ে দলই আজ হয়ে উঠেছে তাওহীদ হৃদয়দের ফাইনালে তোলার মূল তরণী! আবুধাবিতে আজ আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয় কামনা করছে বাংলাদেশ শিবির, কারণ এই একটি ফলই বদলে দিতে পারে লাল-সবুজ প্রতিনিধিদের ফাইনালের ভাগ্য।

শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশ দলের। গত শনিবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ৩৪ ওভারও টিকতে না পারা সেই ভরাডুবি দলটির জন্য ডেকে আনে বিশাল বড় ধাক্কা। প্রথম ম্যাচ হেরে শূন্য পয়েন্ট নিয়ে (-১.৯৮০) নেট রানরেটের তলানিতে পড়ে আছে বাংলাদেশ। অন্যদিকে, ২ পয়েন্ট ও ১.৯৮০ রানরেট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে।

এমন পরিস্থিতিতে আজ সোমবার (১৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি নির্ধারণ করে দেবে টাইগারদের ভাগ্য।

আজকের ম্যাচে যদি জিম্বাবুয়ে জয় তুলে নেয়, তবে টাইগারদের সমীকরণ অনেকটাই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার আগেই ফাইনাল নিশ্চিত করবে জিম্বাবুয়ে। তখন ২১ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি রূপ নেবে কার্যত সেমিফাইনালে। ওই ম্যাচে যে দল জিতবে, তারাই সরাসরি ফাইনালের টিকিট পাবে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই সমীকরণে কোনো জটিল নেট রানরেটের হিসাব-নিকাশ করতে হবে না বাংলাদেশকে।

তবে আজকের ম্যাচে যদি আফগানিস্তান জয় পায়, তবে বাংলাদেশের সামনে অপেক্ষা করবে অত্যন্ত কঠিন ও জটিল পথ। আফগানরা জিতলে তিন দলেরই পয়েন্ট হবে সমান দুটি করে (একটি করে জয়)। তখন ফাইনালের টিকিট কার হাতে উঠবে, তা নির্ধারণ করতে বাধ্য হয়ে বসতে হবে রানরেটের হিসেবে। আর প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় রানরেটের দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেও কত রান বা কত ওভারের ব্যবধানে জিততে হবে, তা পুরোপুরি নির্ভর করবে আজকের ম্যাচের মার্জিন বা ব্যবধানের ওপর।

উল্লেখ্য, তিন দলের এই প্রতিযোগিতায় প্রত্যেকে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ২৩ অক্টোবর শারজার ফাইনালে একে অপরের মোকাবিলা করবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর