সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্যালন ডি'অরের ভোটে মেসিকে বড় ব্যবধানে হারালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

ব্যালন ডি'অরের ভোটে মেসিকে বড় ব্যবধানে হারালেন রোনালদো

ফুটবল ইতিহাসের দুই অবিসংবাদিত মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরন্তন লড়াইয়ে যুক্ত হলো নতুন এক অধ্যায়। ব্যালন ডি’অরের অফিশিয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক বিশেষ ভোটাভুটিতে মুখোমুখি হয়েছেন ইতিহাসের সেরা সব ব্যালনজয়ী। ফুটবল ইতিহাসের ১০ কিংবদন্তির বিভিন্ন মৌসুমের পারফরম্যান্স থেকে সমর্থকদের রায়ে সেরা নির্বাচন করার এই লড়াইয়ে বর্তমানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ভোটাভুটির বর্তমান চিত্রে ৬২ শতাংশ সমর্থন নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৮ সালে তার যে দুর্দান্ত মৌসুমটি ব্যালন ডি’অর এনে দিয়েছিল, ভক্তদের কাছে সেটিই এখন পর্যন্ত সেরা বলে বিবেচিত হচ্ছে। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়।

অন্যদিকে, ফুটবল ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ৯১ গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়া লিওনেল মেসির ২০১২ সালের মৌসুমটি পেয়েছে মাত্র ১৩ শতাংশ ভোট। ওই বছর টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন জাদুকর। তবে বিশ্লেষকদের মতে, মেসির আটটি ব্যালন ডি’অরজয়ী মৌসুমের সোনালী স্মৃতিগুলো ভক্তদের অসংখ্য ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় সম্মিলিত ভোটে তিনি পিছিয়ে পড়েছেন।

তালিকায় মেসির পরের অবস্থানে রয়েছে তার ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি, যা পেয়েছে ৯ শতাংশ ভোট। কাতার বিশ্বকাপ জয়ের পর পিএসজির জার্সিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার ঘরে তুলেছিলেন তিনি। অন্যদিকে, রোনালদোর ২০১৭ সালের মৌসুমটি পেয়েছে ৭ শতাংশ এবং ২০১৬ সালের মৌসুমের পক্ষে পড়েছে ২ শতাংশ ভোট। বাকি মৌসুমগুলোতে দুই তারকার ঝুলিতে জমা হয়েছে ১ শতাংশ বা তার কম ভোট।

মেসি ও রোনালদোর পাশাপাশি এই আয়োজনে রাখা হয়েছে ফুটবলের আরও আট অমর কিংবদন্তিকে। এই তালিকায় স্থান পেয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইনৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ এবং আলফ্রেডো দি স্তেফানোর মতো কিংবদন্তিরা।

ভক্তদের অংশগ্রহণের এই প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতাও রাখা হয়েছে। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো ফি নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটাররা ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার পাশাপাশি ট্রফির ডিজিটাল ছবি কেনার সুযোগ পাচ্ছেন। সমর্থকেরা একই খেলোয়াড় বা নির্দিষ্ট কোনো মৌসুমের পক্ষে একাধিকবারও ভোট দিতে পারছেন।

প্যারিস সময় অনুযায়ী চলতি মাসের ২৭ অক্টোবর মধ্যরাতে পর্দা নামবে এই অভিনব ভোটগ্রহণের। ফুটবলপ্রেমীদের এই জমজমাট রায়ে শেষ পর্যন্ত কার কোন মৌসুমটি ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী পারফরম্যান্সের মুকুট পরে, সেটাই এখন দেখার অপেক্ষা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর