পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট পরিচালকের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ার পর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ (২০২৬–২৭) এর শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) হয়ে খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরবেন এবং দলের নেতৃত্ব দেবেন।
এসএনজিপিএলের ক্রিকেট ডিরেক্টর মোহাম্মদ হাফিজ নিশ্চিত করেছেন যে, পিসিবির অনুমতি সাপেক্ষে আগামী ১৯ অক্টোবর থেকে রিজওয়ান দলের প্রতিনিধিত্ব করবেন।
৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেওয়া স্থগিত ছিল একটি অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রক্রিয়ার কারণে। ফিটনেস সংক্রান্ত বিষয়ের চেয়ে বেটিং তদন্তের নির্দেশনার কারণেই পিসিবি এর আগে তাকে এসএনজিপিএল-এর ক্যাম্প ছেড়ে লাহোরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
ইংল্যান্ড সফরের মাঝে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর শান মাসুদের অনুপস্থিতিতে এসএনজিপিএল-এর হয়ে খেলার জন্য তিনি অনুশীলনও শুরু করেছিলেন, কিন্তু পিসিবির নিষেধাজ্ঞায় তা পিছিয়ে যায়।
সংবাদসূত্রে জানা গেছে, রিজওয়ান মূলত নেপাল প্রিমিয়ার লিগে একটি ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি সম্পন্ন করে পিসিবির কাছে অনাপত্তিপত্র এর আবেদন জানাতে যোগাযোগ করেছিলেন। সেই সুবাদেই পিসিবির সাথে তাঁর আলোচনা নতুন করে শুরু হয় এবং এসএনজিপিএল কর্তৃপক্ষ তাঁকে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলার অনুরোধ জানায়।
নেপাল প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে পিসিবি এখনো তাকে এনওসি প্রদান করেনি। ধারণা করা হচ্ছে, দেশে ঘরোয়া টুর্নামেন্ট চলমান অবস্থায় বিদেশি লিগে খেলার এনওসি না দেওয়ার নীতি বজায় রাখায় প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পরই রিজওয়ানকে প্রয়োজনীয় ছাড়পত্র দেবে পিসিবি।




