শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফুটবলে লাল-হলুদ কার্ডের বিদায়! আসছে যে যন্ত্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

ফুটবলে লাল-হলুদ কার্ডের বিদায়! আসছে যে যন্ত্র

ফুটবল মাঠে হলুদ আর লাল কার্ড দেখানোর দৃশ্য বহুদিন ধরে চোখে পড়ে। রেফারি পকেট থেকে কাগজের কার্ড বের করে উঁচু করে ধরেন, খেলোয়াড় আর দর্শকরা সবাই বুঝে নেন শাস্তির কথা। সেই পরিচিত দৃশ্যে এবার পরিবর্তনের ছোঁয়া এসেছে। উরুগুয়েতে পরীক্ষামূলকভাবে কাগজের বদলে ইলেকট্রনিক যন্ত্র দিয়ে কার্ড দেখানো শুরু হয়েছে।

গত ১৫ অক্টোবর কোপা এইউএফ উরুগুয়ে টুর্নামেন্টে ন্যাসিওনাল ও রেন্তিস্তাসের ম্যাচে এই নতুন পদ্ধতির প্রথম ব্যবহার হয়। রেফারি এদুয়ার্দো ভারেলা স্মার্টফোনের মতো দেখতে একটি যন্ত্র হাতে নিয়ে খেলোয়াড়দের শাস্তি দেন। ম্যাচের ১২ মিনিটে রেন্তিস্তাসের হুয়ান পাবলো প্লাদাকে প্রথম হলুদ কার্ড দেখানো হয়। ন্যাসিওনালের ম্যাক্সিমিলিয়ানো সিলভেরাকে ফাউল করার জন্য তিনি এই শাস্তি পান। ন্যাসিওনাল ৩-০ গোলে জয়ী হয় সেই ম্যাচে।

যন্ত্রটিতে দুটি বোতাম আছে। একটিতে চাপ দিলে হলুদ, অন্যটিতে লাল রঙের স্ক্রিন জ্বলে ওঠে। শুধু কার্ড দেখানো নয়, শাস্তির তথ্য স্বয়ংক্রিয়ভাবে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের কোমেট ব্যবস্থায় চলে যায়। গোল, পেনাল্টি, খেলোয়াড় পরিবর্তনসহ ম্যাচের অন্যান্য ঘটনাও এই যন্ত্রে নথিভুক্ত করা যায়। ফলে রেফারিকে হাতে লিখে তথ্য রাখার ঝামেলা কমে।

তবে পরীক্ষায় কিছু সমস্যাও ধরা পড়েছে। দূর থেকে বা তীব্র রোদে স্ক্রিনের রং স্পষ্ট দেখা যায় না। তাই এখনই পুরনো কাগজের কার্ড পুরোপুরি বাদ হচ্ছে না। ভবিষ্যতে রেফারির পকেটে এই ছোট ইলেকট্রনিক যন্ত্রই থাকবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে শাস্তি অনুযায়ী কার্ডের ছবি ভেসে উঠবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর