শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

সালভিয়া মেসি: ফুটবলের কিংবদন্তির প্রতি প্রকৃতির নৈবেদ্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

সালভিয়া মেসি: ফুটবলের কিংবদন্তির প্রতি প্রকৃতির নৈবেদ্য

স্টেডিয়ামের সবুজ ঘাস, ফ্লাডলাইটের আলোকচ্ছটা এবং ট্রফি অর্জনের উল্লাস পেরিয়ে লিওনেল মেসির বর্ণাঢ্য উত্তরাধিকার এখন ছড়িয়ে পড়েছে সুদূর পেরুর আন্দিজ পর্বতমালার দুর্গম ও বন্য প্রান্তরে। আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরের অসামান্য ক্যারিয়ার এবং মাঠের বাইরের শান্ত স্বভাবের প্রতি সম্মান জানিয়ে পেরুর আন্দিজে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির বুনো ফুলের নামকরণ করা হয়েছে ‘সালভিয়া মেসিই’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম লা নাসিয়ন-এর প্রতিবেদনে এই অনন্য আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে।

আর্জেন্টাইন কৃষিবিদ রোলান্দো উরিয়া এবং পেরুর উদ্ভিদবিজ্ঞানী পল গনজালেস আর্সে ও জিন ক্যাপচা রামোসের যৌথ গবেষণায় বোটানিক্যাল সায়েন্সের খাতায় নতুন এই প্রজাতিটি যুক্ত হয়েছে। ল্যাটিন নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির নামে উদ্ভিদ বা প্রাণীর নামকরণের ক্ষেত্রে পদবীর শেষে 'I' যুক্ত করে তাঁর প্রতি সম্মান জানানো হয়। সেই নিয়ম মেনেই এই বুনো গুল্মজাতীয় উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে Salvia messii।

তবে গবেষকদের মতে, মেসি এবং এই উদ্ভিদের মধ্যকার সংযোগ কেবল নামকরণের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে এক গভীর কাব্যিক ও রূপক তাৎপর্য।

প্রায় ১.৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারা এই গুল্মটি আন্দিজ পর্বতমালার অত্যন্ত শুষ্ক, রুক্ষ এবং উচ্চ উচ্চতার (উচ্চতার পরিসর ২,০০০ থেকে ২,৪০০ মিটার) প্রতিকূল পরিবেশে প্রাকৃতিকভাবে টিকে থাকে। উদ্ভিদবিজ্ঞানীদের মতে, চরম প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে বেঁচে থাকার এই লড়াই অনেকটা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে মেসির দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ধরে রাখা অবিচল ধৈর্য, সহনশীলতা এবং দৃঢ়তারই প্রতীক।

এই নামকরণের সবচেয়ে আকর্ষনীয় এবং রোমাঞ্চকর দিকটি লুকিয়ে আছে ফুলটির নিজস্ব রঙের ভেতরে। সালভিয়া মেসিই গাছে যখন ফুল ফোটে, তখন এর সুসূক্ষ্ম পাপড়িগুলোতে ফুটে ওঠে শুভ্র সাদা ও হালকা আকাশী নীলের নিখুঁত ও চমৎকার এক সংমিশ্রণ। আর এই রঙটি হুবহু স্মরণ করিয়ে দেয় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়ে গৌরব ছিনিয়ে আনা আইকনিক ‘অ্যালবিসেলেস্তে’ (সাদা-আকাশী) জার্সির কথা। দেখে মনে হয়, প্রকৃতি যেন নিজ হাতে ফুটবল রাজাকে শ্রদ্ধা জানাতে একটি জীবন্ত পোস্টকার্ড তৈরি করে রেখেছে।

ফুটবল মাঠে লিওনেল মেসি যেমন এক বিরল ও অনন্য প্রতিভার নাম, তেমনি প্রকৃতির বুকে এই সালভিয়া মেসিই ফুলটিও অত্যন্ত দুর্লভ এক রত্ন। পেরুর নির্দিষ্ট একটি পাহাড়ি উচ্চতা ছাড়া পৃথিবীর অন্য কোথাও এর দেখা মেলে না।

বর্তমানে জলবায়ু পরিবর্তন, ঘন ঘন দাবানল, এবং মানবসৃষ্ট নানা কারণে আবাসস্থল ধ্বংসের মুখে পড়ায় প্রজাতিটি চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে। গবেষক ও বিজ্ঞানীরা ইতোমধ্যেই প্রজাতিটিকে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করার প্রাথমিক প্রস্তাব দিয়েছেন। লিওনেল মেসির নামে নামকরণ করা এই বুনো ফুলটি তাই কেবল একজন ক্রীড়া কিংবদন্তির প্রতি অভিনব শ্রদ্ধার্ঘ্যই নয়, বরং আন্দিজের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার এক জোরালো ও জরুরি সতর্কবার্তাও বটে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর