শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

রোনালদোর পর্তুগাল দলে ফেরা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

রোনালদোর পর্তুগাল দলে ফেরা নিয়ে সংশয়

কোচ জর্জ জেসুসের সাথে তীব্র বাদানুবাদ ও জাতীয় দল ছাড়ার পর পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। সিআর সেভেনের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে হতাশা প্রকাশ করেছেন তাঁর বোন এলমা আবেইরো।

বৃহস্পতিবার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৫৩ বছর বয়সী এলমা আবেইরো জানান, ভাইয়ের পর্তুগাল দলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, "না বোধক উত্তরটাই এখানে বেশি জোরালো। আমার মনে হয় ক্রিশ্চিয়ানো এবং জর্জ জেসুস দুজনেই আঘাত পেয়েছেন। পরিস্থিতি এখন থমকে আছে, দেখা যাক কী হয়।"

কোচ ও ভাইয়ের মধ্যকার সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এলমা বলেন বিষয়টি অত্যন্ত জটিল। অতীতে ভাইয়ের প্রতি পর্তুগিজদের একাংশের আচরণের সমালোচনা করে তিনি জানান, "একটি পুনর্মিলন? এটা খুবই জটিল। যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তখন সবকিছু আগের মতো স্বাভাবিক করা অত্যন্ত কঠিন।"

তিনি আরও যোগ করেন, "পর্তুগিজ জনগণ অতীতে ভাইয়ের অবদান ভুলে গেছে দেখে আমার খুব খারাপ লাগে। ভাইয়ের এই কষ্টের সময় তার পাশে দাঁড়ানো ছাড়া আমার কিছু করার নেই, সে এটার যোগ্য।" এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতেও জাতীয় দলের পরিকাঠামো ও সাংবাদিকতার কড়া সমালোচনা করেছিলেন তিনি।

এদিকে কোচ জর্জ জেসুস বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ হলেও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা আশাবাদী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, একটি নির্দিষ্ট শৃঙ্খলামূলক প্রক্রিয়া শেষ হওয়ার পর ফেডারেশন তাদের অধিনায়ককে আবারও জাতীয় দলে দেখতে চায়।

আগামী নভেম্বরে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচ রয়েছে পর্তুগালের। ঠিক তার আগে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের এই নাটকীয় অধ্যায় কোথায় গিয়ে ঠেকে, এখন সেটাই দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর