উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে এফসি পর্তোর বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের রাতে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছেন রিয়াল বেতিসের ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। মাঠের খেলায় দল জিতলেও নিজ বাড়িতে চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত করে অ্যান্টনি জানান, একটি দুর্দান্ত ও উজ্জ্বল হতে পারতো এমন রাত শেষ পর্যন্ত ক্ষোভ ও হতাশায় পরিণত হয়েছে।
মাঠে নামার পর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানান অ্যান্টনি। চুরি হওয়া ধনসম্পদের চেয়ে তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়াতেই তিনি সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্টে অ্যান্টনি লেখেন, "আমাকে যা সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে তা কেবল জিনিসপত্র হারানোর ক্ষতি নয়, বরং এমন একটা স্থানে নিরাপত্তার অভাববোধ করা যেখানে আমাদের সবচেয়ে সুরক্ষিত অনুভব করার কথা ছিল। আমার পরিবারের জীবন ও সুস্থতার চেয়ে মূল্যবান বস্তুগত জিনিস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না।"
সাও পাওলোর একটি দারিদ্র্যপীড়িত এলাকা (ফ্যাভেলা) থেকে উঠে আসা অ্যান্টনি ২০২৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল বেতিসে যোগ দেন।
উল্লেখ্য, স্পেনে ম্যাচ চলাকালে ফুটবলারদের বাড়িতে চুরি হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০১৯ ও ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজিমার ঘরে চুরি হয়েছিল। গত জুলাইয়ে স্পেনের হয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর ঠিক পর বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের বাড়িতেও চুরি চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পুলিশের ইউরোপীয় সংস্থা 'ইউরোপোল' ০১৯ সালেই সতর্ক করেছিল যে, সংঘবদ্ধ চক্রগুলো ফুটবলারদের খেলার সময়সূচি পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে চুরির পরিকল্পনা করে থাকে।




