বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

শেফিল্ডের ম্যাচে বিতর্কিতভাবে লাল কার্ড দেখলেন হামজা, ক্ষুব্ধ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

শেফিল্ডের ম্যাচে বিতর্কিতভাবে লাল কার্ড দেখলেন হামজা, ক্ষুব্ধ কোচ

ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে গতকাল রোমাঞ্চকর ম্যাচে পোর্টসমাউথের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে পড়েও ১০ জনের দল নিয়ে সমতায় ফিরেছিল শেফিল্ড। তবে ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে দেওয়া বিতর্কিত দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শেফিল্ডের ম্যানেজার ক্রিস ওয়াইল্ডার।

ম্যাচের ৪৪তম মিনিটে পোর্টসমাউথ ফরোয়ার্ড রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করার অভিযোগে রেফারী অলিভার ল্যাংফোর্ড হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। এর আগে ৪১ মিনিটে জাক সোয়ানসনের গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ এবং ৫৪ মিনিটে আদ্রিয়ান সেগেচিচ ব্যবধান ২-০ করেন।

দুই গোলে পিছিয়ে এবং ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও দুর্দান্ত ঘুরে দাঁড়ায় শেফিল্ড ইউনাইটেড। জাফেত তাঙ্গাঙ্গা ও টম ক্যাননের গোলে ২-২ সমতায় ফেরে তারা। তবে ৮৯তম মিনিটে এবু অ্যাডামসের গোলে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক পোর্টসমাউথ।

ম্যাচ শেষে হামজা চৌধুরীর লাল কার্ড প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, "রেফারি প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন তিনি হামজাকে লাল কার্ড দেবেন না, কিন্তু পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। পোর্টসমাউথ ফরোয়ার্ড বল পায়ের ফাঁক দিয়ে বের করার পর হামজার সেখান থেকে সরে যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি সত্যি বুঝতে পারছি না হামজা কোথায় যাবে বা তার কী করার ছিল।"

হামজার লাল কার্ডের পাশাপাশি ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন নাকচ হওয়া নিয়েও ক্ষোভ ঝাড়েন ওয়াইল্ডার। তিনি জানান, পেনাল্টি বক্সে শেফিল্ডের খেলোয়াড়ের জার্সি টেনে ধরে ফেলে দেওয়া হলেও রেফারি বাঁশি বাজাননি। রেফারীদের এমন একপেশে সিদ্ধান্ত দলের জন্য অত্যন্ত হতাশাজনক ছিল বলে জানান তিনি।

১০ জন নিয়ে খেলা সত্ত্বেও ম্যাচে ঘুরে দাঁড়িয়েও শেষ মুহূর্তে খালি হাতে মাঠ ছাড়তে বাধ্য হয় ক্রিস ওয়াইল্ডারের শেফিল্ড ইউনাইটেড।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর