বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মার্তিনেজের মন্তব্য ইউনাইটেডের ঐক্য ভেঙে দিতে পারে, শঙ্কা রুনির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

মার্তিনেজের মন্তব্য ইউনাইটেডের ঐক্য ভেঙে দিতে পারে, শঙ্কা রুনির

আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের দলবদল নীতি নিয়ে লিসান্দ্রো মার্টিনেজের বিস্ফোরক মন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমকে দ্বিধাবিভক্ত করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির দুই সাবেক ফুটবলার ওয়েন রুনি ও অ্যাশলি ইয়ং। ম্যাচ শেষে আমাজন প্রাইমে বিশ্লেষণ করতে গিয়ে দুজনেই দাবি করেন, মার্টিনেজ এবার সীমানা পেরিয়ে গেছেন।

ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও রেকর্ড গোলদাতা ওয়েন রুনি মনে করেন, এমন মন্তব্যে দলের শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। ২০১০ সালে ক্লাবের তৎকালীন দলবদল নীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে স্যার অ্যালেক্স ফার্গুসনের তোপের মুখে পড়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে রুনি বলেন, "এই ধরণের মন্তব্য ড্রেসিংরুমকে টুকরো টুকরো করে দিতে পারে। আমি নিজে ২০১০ সালে এমন একটি ভুল করেছিলাম, যার জন্য পরবর্তীতে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিলাম।"

মার্টিনেজের মন্তব্য সতীর্থদের জন্য অপমানজনক দাবি করে রুনি আরও বলেন, "সে মূলত বোঝাতে চেয়েছে যে তাঁর সতীর্থরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো যথেষ্ট যোগ্য নয়। দলে যদি কারও এমন কথা বলার অধিকার থেকে থাকে, তবে সেটি একমাত্র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের। রুদ্ধদ্বার বৈঠকে এসব আলোচনা হতেই পারে, তবে এই সাক্ষাৎকার কোনো উপকারে আসবে না। মনে হচ্ছে সে কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটি আগে থেকেই পরিকল্পিত মনে হয়েছে। এমন কঠিন সময়ে সবাই একজোটে থাকার কথা, সেখানে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।"

একই অনুষ্ঠানে উপস্থিত সাবেক ইউনাইটেড উইঙ্গার অ্যাশলি ইয়ংও মার্টিনেজের নীরব থাকা উচিত ছিল বলে মনে করেন। তিনি বলেন, "আমরা সবাই জানি দলবদলে উন্নতি দরকার, কিন্তু মাঠে শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই পারফর্ম করতে হয়। এই মুহূর্তে সাক্ষাৎকারটি দিয়ে পুরো সপ্তাহের পরিবেশকে ঘোলাটে করে ফেলা হলো।"

তবে বিবিসি রেডিও ৫ লাইভে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করেছেন সাবেক ইংলিশ গোলরক্ষক পল রবিনসন। মার্টিনেজের সততার প্রশংসা করে তিনি বলেন, "টাইমিং নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কারণ চারপাশের গুঞ্জনের মধ্যে ড্রেসিংরুম থেকে ইতিবাচক বার্তা আসা দরকার ছিল। কিন্তু মুদ্রার অন্য পিঠে, একজন ফুটবলারের এমন সততা আমার পছন্দ হয়েছে। ইউনাইটেড ভক্তরা নিশ্চয়ই শুনতে চান না যে 'সব ঠিক আছে, স্কোয়াড অনেক শক্তিশালী'। সবাই খালি চোখে দেখছে যে ক্লাবে মানসম্পন্ন খেলোয়াড় আনা হয়নি এবং এই দলটি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যথেষ্ট শক্তিশালী নয়।"

এদিকে খেলা চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার মন্তব্য করেন, নতুন কোচ মাইকেল ক্যারিক মূলত দলবদল ও খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতারিত হয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর