মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

এমবাপের ‘স্বার্থপরতা’ নিয়ে ক্ষুব্ধ ব্যালন ডি'অর জয়ী ফরাসি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

এমবাপের ‘স্বার্থপরতা’ নিয়ে ক্ষুব্ধ ব্যালন ডি'অর জয়ী ফরাসি ফুটবলার

ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপের অহংবোধ এবং ব্যালন ডি'অর সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক ব্যালন ডি'অর জয়ী ফুটবলার জিন-পিয়েরে পাপাঁ। বিশ্বকাপজয়ী এই তরুণ তারকার প্রতিভা ও রেকর্ডের প্রশংসা করলেও নিজেকে ব্যালন ডি'অরের একমাত্র যোগ্য দাবিদার হিসেবে উপস্থাপন করার বিষয়টি মেনে নিতে পারছেন না এই ফরাসি কিংবদন্তি।

ফরাসি ক্রীড়া মাধ্যম ‘ফুট মারকাতো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯১ সালের ব্যালন ডি'অর বিজয়ী পাপাঁ বলেন, "আমি কিলিয়ানকে সত্যিই ভীষণ পছন্দ করি, সে একের পর এক রেকর্ড গড়ছে। কিন্তু একটি নির্দিষ্ট পর্যায়ের পর বিষয়টি পুরোপুরি ‘আমি, আমার এবং শুধুই নিজেকে’ কেন্দ্র করে ঘুরপাক খেতে শুরু করে। ব্যালন ডি'অর কে জিতবেন, সেই সিদ্ধান্ত অন্যেরা নেন।"

ব্যালন ডি'অর জয়ে নিজের চেয়ে যোগ্য আর কেউ নেই- এমবাপের এমন প্রকাশ্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে মার্সেইয়ের সাবেক এই স্ট্রাইকার আরও যোগ করেন, "এক পর্যায়ে সে দাবি করেছিল যে সে ছাড়া অন্য কারও ব্যালন ডি'অর পাওয়ার যোগ্যতা নেই। এটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, একেবারেই বাড়াবাড়ি।"

পাপাঁ স্পষ্ট করে জানান, নিজের অর্জনের মূল্যায়ন কোনো ফুটবলারের নিজের করা উচিত নয়, বরং তা ভোটারদের মানদণ্ডের ওপর ছেড়ে দেওয়া উচিত।

এমবাপের যোগ্যতা থাকা সত্ত্বেও এ বছরের ব্যালন ডি'অর জয়ে নিজের পছন্দের কথা জানাতে গিয়ে ফরাসি এই কিংবদন্তি বলেন, এমবাপের বদলে ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক হ্যারি কেইনকেই এই মর্যাদাপূর্ণ ট্রফিটি হাতে তুলতে দেখতে চান তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর