মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা

আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে ডাচ ক্লাব এজেড আলকমারের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বিয়ারশেবা। তবে নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে সফরকারী বিয়ারশেবার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাগতিক নেদারল্যান্ডসের স্থানীয় প্রশাসন। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে এখন ডাচ কর্তৃপক্ষের ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বিষয়টি নিয়ে সরাসরি ডাচ পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আলকমার পৌরসভার সঙ্গে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, বিয়ারশেবার সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে ম্যাচটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আলকমার নগর প্রশাসন। ইসরায়েলি সমর্থক ও স্থানীয় বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই সমর্থকদের প্রবেশের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ডাচ প্রশাসনের এমন কঠোর সিদ্ধান্তের পেছনে ২০২৪ সালের নভেম্বরের স্মৃতি বড় কারণ হিসেবে কাজ করেছে। সে সময় আমস্টারডামে আয়োজিত ইউরোপা লিগের ম্যাচে আয়াক্স ও মাকাবি তেল আবিবের মুখোমুখি লড়াইয়ের আগে ও পরে ইসরায়েলি সমর্থক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

তবে সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সমর্থকদের পুরোপুরি নিষিদ্ধ করার নীতি মানতে নারাজ ইসরায়েল। দ্য হেগে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে ডাচ সরকার এবং আলকমারের মেয়রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে দর্শকরা নিরাপদে মাঠে গিয়ে দলের খেলা উপভোগ করতে পারেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর