সুইডিশ শীর্ষ লিগ ‘অলসভেনস্কান’-এ ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক ম্যাচের। ১৬ দলের লিগে ৯ ও ১১ নম্বরে থাকা দুই ক্লাব এআইকে ও বিকে ব্রোমাপয়কার্নার ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছিল ০-০ সমতায়। অথচ বিরতির পর ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে দ্বিতীয়ার্ধেই জাল ছুঁলো ১১টি গোল! শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াই শেষে এআইকে-কে ৬-৫ ব্যবধানে হারিয়েছে ব্রোমাপয়কার্না।
ম্যাচের দ্বিতীয় অর্ধে এক পর্যায়ে ৫-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল সফরকারী ব্রোমাপয়কার্না। কিন্তু ঘরের মাঠে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় এআইকে। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে (৯৭তম মিনিট) ইয়োহান হোভের গোলে ৫-৫ সমতা ফিরিয়ে এক পয়েন্ট পাওয়ার আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।
তবে নাটকের শেষ অঙ্কে সব হিসাব ওলটপালট করে দেন ম্যাডস হ্যানসেন। সমতায় ফেরার মাত্র ৯০ সেকেন্ড পর, ইনজুরি টাইমের নবম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্রোমাপয়কার্নার ৬-৫ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। সুইডিশ লিগের ইতিহাসে এক অর্ধে এত গোল করার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই।
ইউরোপের ফুটবলে এমন দ্বিতীয়ার্ধের গোলবন্যা বিরল হলেও এর আগেও কিছু উদাহরণ দেখা গেছে। ১৯৮২ সালের নভেম্বরে বুন্দেসলিগায় আরমিনিয়া বিলেফেল্ডের বিপক্ষে ১১-১ ব্যবধানে জেতা ম্যাচে দ্বিতীয় অর্ধে ১০টি গোল করেছিল বরুসিয়া ডর্টমুন্ড।
এছাড়া ২০০৯ সালে প্রিমিয়ার লিগে উইগানের বিপক্ষে টটেনহ্যামের ৯-১ ব্যবধানে জয়ের ম্যাচেও দ্বিতীয়ার্ধেই ৮টি গোল হয়েছিল, যেখানে একা জার্মেইন ডিফোই করেছিলেন ৫ গোল।




