সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফারহানের নেতৃত্বে প্রথম সিরিজ জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

ফারহানের নেতৃত্বে প্রথম সিরিজ জয় পাকিস্তানের

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮২ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটি সাহিবজাদা ফারহানের প্রথম সিরিজ জয়। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দল এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ রানকে সাধারণ লক্ষ্য হিসেবে দেখতে চায়।

রোববার ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এটি দেশের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তরুণ পাকিস্তানি পেসার মুহাম্মদ ইমরানের বোলিং তোপে ৭ উইকেটে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

পাওয়ার প্লেতে ৪৬ রান তুলে কিছুটা ধীরগতির সূচনা করলেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফারহান ও মাআজ সাদাকাত ৪৯ বলে ৮৮ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। ফারহান ৪টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৩ রান করেন। অন্যদিকে দুর্দান্ত ব্যাট করা মাআজ ৫১ বলে ৯৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে শতকের খুব কাছাকাছি গিয়ে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার। শেষ ওভারে হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে শেষ ৫ ওভারে ৭০ রান যোগ করেন তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। দলের হয়ে মহেশ থিকশানা সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে মুহাম্মদ ইমরান ১১ রানে ৩টি এবং মোহাম্মদ সালমান মির্জা ২টি উইকেট নেন।

ম্যাচ শেষে অধিনায়ক সাহিবজাদা ফারহান বলেন, "পাওয়ার প্লেতে রান কম হলেও আমি নিশ্চিত ছিলাম আমরা ২০০ পার করব। আমাদের ব্যাটারদের ছক্কা মারার প্রবণতা বেড়েছে এবং প্রায় সবাই ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছে। এভাবে খেলতে পারলে প্রতি ম্যাচেই ২০০ রান করা আমাদের জন্য নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়াবে।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর