করাচির স্কুল ক্রিকেট মাঠে সম্প্রতি এক অদ্ভুত মিলের গল্প শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের নামেই পরিচিত পাকিস্তানের এক ১৭ বছর বয়সী তরুণ। শুধু নামেই নয়, বাঁহাতি ব্যাট হাতে আক্রমণাত্মক খেলার ধরনেও তার সঙ্গে মিল রয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে দারুণ এক সেঞ্চুরি করে তিনি সবার নজর কেড়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ট্যালেন্ট হান্ট স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কামরান পাবলিক স্কুলের হয়ে হ্যাপি প্যালেস গ্রামার স্কুলের বিপক্ষে খেলেছেন এই কিশোর। মাত্র ১০৮ বলে ১১৭ রান করে তিনি দলকে জয় এনে দিয়েছেন। তার এই ইনিংসের জোরে প্রতিপক্ষকে ১৭২ রানে হারিয়েছে কামরান পাবলিক স্কুল।
নামের পেছনের গল্পটাও বেশ মজার। তার মা প্রথমে নাম রেখেছিলেন শুধু ‘অ্যাডাম’। ক্রিকেটপ্রেমী বাবা পরে যোগ করেন ‘গিলক্রিস্ট’। অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত উইকেটকিপারের প্রতি ভালোবাসা থেকেই ছেলের নামের সঙ্গে প্রিয় খেলোয়াড়ের নাম জুড়ে দিয়েছিলেন তিনি।
তবে নামে মিল থাকলেও তরুণ অ্যাডামের আদর্শ অন্য কেউ। অস্ট্রেলিয়ান কিংবদন্তির বদলে তিনি অনুসরণ করতে চান শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। নিজের কথায় তিনি বলেছেন, “আমি কুমার সাঙ্গাকারার মতো হতে চাই। তিনিই আমার প্রিয়।”
পিসিবির এই ট্যালেন্ট হান্ট কর্মসূচি তরুণদের জন্য বড় সুযোগ। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ স্তরের খেলোয়াড়রা এখানে নিজেদের দক্ষতা দেখাতে পারেন। পাকিস্তানের শতাধিক জেলার ১২শরও বেশি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন তার সময়ের অন্যতম আক্রমণাত্মক কিপার-ব্যাটার। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য তিনি। ব্যাট হাতে আক্রমণাত্মক স্টাইলে তিনি উইকেটকিপার-ব্যাটসম্যানের ধারণাই বদলে দিয়েছিলেন।




