রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে ফাইনাল নিশ্চিত করল তারা।

আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালান সাদিয়া ইসলাম। ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া শিরিনা খাতুন ৪০ বলে ৩২ রান এবং নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন। শেষদিকে সাদিয়া আক্তারের ৭ বলে ১৪ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। স্বাগতিকদের হয়ে ওপেনার রাভেইল ফারহান ২৬ বলে সর্বোচ্চ ৩৬ এবং আকশা ৩২ বলে ২৩ রান করলেও আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করে ৩টি উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন। এছাড়া নিশিতা আক্তার নিশি ২টি এবং আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসী একটি করে উইকেট নেন।

৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ শিরোপানির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর