রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঐতিহাসিক হ্যাটট্রিকে তাসকিনকে টপকে হাসান মাহমুদের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

ঐতিহাসিক হ্যাটট্রিকে তাসকিনকে টপকে হাসান মাহমুদের রেকর্ড

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান একমাত্র টেস্টের তৃতীয় দিনে অনন্য এক রেকর্ডের মালিক হলেন ২৫ বছর বয়সী বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। নিজের ১৭তম টেস্টে এসে সবচেয়ে কম ম্যাচে ৫০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশি পেস বোলার হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

এর মাধ্যমে তিনি ভেঙেছেন আরেক পেসার তাসকিন আহমেদের রেকর্ড, যিনি ১৮ টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ১৯টি টেস্ট।

ম্যাচের তৃতীয় দিন সকালে দুর্দান্ত হ্যাটট্রিক তুলে নিয়ে পাঁচ উইকেটের মাইলফলকও পূরণ করেন হাসান। ৫টি মেডেনসহ ২১ ওভারে ৫৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। হাসানের এই তাণ্ডবে ২৪০ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস।

এটি টেস্ট ক্রিকেটে হাসানের চতুর্থ পাঁচ উইকেটের (ফাইফার) সাফল্য। এর মাধ্যমে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ফাইফার নেওয়ার রেকর্ডে সাবেক স্পিডস্টার শাহাদাত হোসেনের পাশে বসলেন তিনি।

তবে পেসারদের তালিকায় হাসান দ্রুততম হলেও, বাংলাদেশের সব ধরনের বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি মেহেদী হাসান মিরাজের দখলে। মিরাজ মাত্র ১৩ টেস্টে এই কীর্তি গড়েছিলেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তাইজুল ইসলাম, যিনি ১৪ টেস্টে ৫০ উইকেট শিকার করেছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর