রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

৩০ বছরে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সবচেয়ে বাজে সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

৩০ বছরে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সবচেয়ে বাজে সূচনা

ওল্ড ট্রাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ জনের টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের আরও বেশি 'চালাক' ও 'জেদি' হওয়ার তাগিদ দিয়েছেন কোচ মাইকেল ক্যারিক।

চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম ছয় ম্যাচে মাত্র ছয় পয়েন্ট সংগ্রহ করেছে রেড ডেভিলরা। গত ৩০ বছরের মধ্যে লিগের এই পর্যায়ে এসে রেড ডেভিলদের এটিই সর্বনিম্ন পয়েন্ট সংগ্রহ। বিরতির সময় এবং ম্যাচের শেষ বাঁশি বাজার পর ঘরের মাঠে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে দলকে।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে কোচ ক্যারিক বলেন, "এত কম পয়েন্ট পাওয়া নিয়ে আমি মোটেও খুশি নই, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের পরিস্থিতি আমাদেরই মেনে নিতে হবে এবং খুব দ্রুত জিনিসগুলোকে ইতিবাচক ধারায় ফেরাতে হবে।"

ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় টেবিলের একেবারে তলানিতে থাকা টটেনহ্যাম। তবে ম্যাচের ১৭ মিনিট বাকি থাকতে ব্রায়ান এমবেমোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর লুক শ'কে হেডবাট করার কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহ্যামের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুর।

১ জন খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার সুবর্ণ সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কিন্তু গত দুই মৌসুমের মতো এবারও সেই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ইনজুরি টাইমে ডমিনিক সোলাঙ্কের হেডে সমতা ফেরায় সফরকারী টটেনহ্যাম।

এর আগে এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং লিগ কাপে ব্রাইটনের কাছে ২-০ এগিয়ে থেকেও ম্যাচ হেরেছিল ইউনাইটেড। বারবার জয় হাতছাড়া হওয়া নিয়ে ক্যারিক বলেন, "ম্যাচে এগিয়ে থাকলে তা ধরে রাখার মানসিকতা আমাদের থাকতে হবে। ১০ জন বা ১১ জন যেই হোক না কেন, বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ম্যাচ শেষ করে আসতেই হবে।"

অন্যদিকে, জয় না পেলেও ১০ জন নিয়ে দলের এমন লড়াকু মানসিকতায় খুশি টটেনহ্যাম কোচ রবার্তো ডি জেরবি। এই ম্যাচে নতুন অধিনায়ক হিসেবে ডমিনিক সোলাঙ্ককে দায়িত্ব দিয়ে নিজের আস্থার প্রমাণ দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর