সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওডিআই ত্রিদেশীয় সিরিজের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ। এরপরই আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজের সময় পাওয়া পিঠের চোটে দল থেকে ছিটকে গেছেন তারকা পেসার রিচার্ড এনগারাভা। তাঁর অনুপস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা দুই নতুন মুখ- উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা ও লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসাকে ওডিআই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে। চলতি বছর প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি শতক হাঁকানো সিগা ইতোমধ্যেই দেশের হয়ে টেস্ট খেলেছেন।
অন্যদিকে লোগান কাপে যৌথভাবে সর্বোচ্চ ২৫ উইকেট নেওয়া মাসেকেসা সম্প্রতি সিলেট সফরে বাংলাদেশ এমার্জিং দলের বিপক্ষে এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন।
আট বছর পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অভিজ্ঞ লেগস্পিনার গ্রেম ক্রেমারকে ওডিআই স্কোয়াডে রাখা হয়নি। ওই সিরিজের শেষ ম্যাচে পাওয়া উরুর চোট থেকে সেরে উঠছেন তিনি। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্রেমার ফিরবেন বলে আশা করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
দলে সিকান্দার রাজার সঙ্গে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর ব্যাটিংয়ের অভিজ্ঞতা যোগ করবেন। অন্যদিকে পেস আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেবেন ব্লিসিং মুজারাবানি।
জিম্বাবুয়ের ওডিআই স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লিসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান ন্যামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ওয়েসলি মাধেভেরে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লিসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কায়া, কুন্দাই মাটিগিমু, নিউম্যান ন্যামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ওয়েসলি মাধেভেরে।




