শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

৯৮০তম গোলের পরই খবর এলো নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

৯৮০তম গোলের পরই খবর এলো নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

আন্তর্জাতিক বিরতির গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগাল জাতীয় দলের জন্য যেন নেমে এলো এক অনাকাঙ্ক্ষিত ঝড়। সতীর্থদের ছেড়ে হুট করে ক্যাম্প ত্যাগ করার চরম মাশুল গুনতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র তর্কাতর্কির জের ধরে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ায় ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত ও সাময়িক নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক বিশেষ প্রতিবেদনে জানা যায়, আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোতে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন করা নিয়ে কোচ জেসুসের সাথে রোনালদোর তীব্র মতবিরোধ তৈরি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মেজাজ হারিয়ে ট্রেনিং ক্যাম্প ছেড়ে বের হয়ে যান সিআরসেভেন। যদিও পরবর্তীতে নিজের এই অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে দীর্ঘ এক লিখিত বিবৃতিতে জাতীয় দল ও ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বিবৃতিতে রোনালদো স্পষ্ট করেই জানান, দেশটির ফুটবলের অভিভাবক সংস্থা যদি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তবে তা তিনি মাথা পেতে নেবেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গ করে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবেই সদস্যপদ সাময়িক স্থগিত হয়ে যায়। সেই নিয়মের ধারাবাহিকতাতেই আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে দেশটির একটি স্বাধীন শৃঙ্খলা কমিটি। রোনালদোর এই অসদাচরণ পর্যালোচনা করে তারা খুব শিগগিরই চূড়ান্ত শাস্তির ঘোষণা দেবেন। দেশটির ফুটবলের আইন অনুযায়ী, এই ধরনের ভুলের জন্য সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হওয়ার বিধান রয়েছে।

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনের মতে, রোনালদোকে হয়তো সর্বোচ্চ মেয়াদে শাস্তি দেওয়া হবে না। তার লিখিত ক্ষমা প্রার্থনা এবং ফুটবলে দেশের প্রতি দীর্ঘদিনের বর্ণাঢ্য অবদানের কথা বিবেচনা করে শাস্তির পরিমাণ অনেকটাই শিথিল করা হতে পারে। তবে শাস্তির মেয়াদ যদি এক মাসের বেশিও হয়, তাহলেও আগামী মাসে উয়েফা নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালকে মাঠে নামতে হবে তাদের সেরা এই তারকাকে ছাড়াই।

এদিকে জাতীয় দলের বিরতিতে বিতর্কে জড়িয়েছিলেন। পর্তুগালের কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যেও এসেছিল তার। তবে ক্লাব ফুটবলে ফিরে গোলের ধারায় ফিরেছেন রোনালদো। সৌদি প্রো লিগে শনিবার আল-দিরিয়াহর বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছেন সিআরসেভেন। এটি তার ক্যারিয়ারের ৯৮০তম গোল। তাতে ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ২০ গোল প্রয়োজন ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর