শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভিসা জটিলতায় টাইগার যুবাদের ওমান সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

ভিসা জটিলতায় টাইগার যুবাদের ওমান সফর স্থগিত

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে দলটির ওমান সফর স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওমানে এই সিরিজের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওমান কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ও ভিসা না পাওয়ায় টাইগার যুবারদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। গত সেপ্টেম্বর মাসের শুরুতে এসিবির মাধ্যমেই ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল।

বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ভিসা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি এসিবির নিয়ন্ত্রণে থাকায় এতে বিসিবির করার কিছু নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে আফগান বোর্ড। ভিসা ইস্যু হওয়ার সাথে সাথেই দলের যাত্রার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।

তবে এই বিলম্বের কারণে পুরো সিরিজের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি বোর্ড। ওমানের মাঠে পাঁচ ম্যাচের এই যুব ওয়ানডে সিরিজটি খেলার কথা রয়েছে দুই দলের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর