বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আফকন ট্রফি নিয়ে আইনি লড়াই এবার খেলার সর্বোচ্চ আদালত সিএএসে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

আফকন ট্রফি নিয়ে আইনি লড়াই এবার খেলার সর্বোচ্চ আদালত সিএএসে

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বিতর্কিত ফাইনালের ট্রফি নিয়ে আইনি লড়াই এবার গড়িয়েছে খেলাধুলার সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ (সিএএস)-এ। সুইজারল্যান্ডের লোজানে আন্তর্জাতিক এই আদালতে সেনেগাল ও মরক্কোর মধ্যকার চ্যাম্পিয়নশিপ নির্ধারণী বিতর্ক নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

গত জানুয়ারিতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে মাঠে শিরোপা উল্লাস করেছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ মুহূর্তে মরক্কোকে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে সেনেগালের ফুটবলাররা প্রায় ১৫ মিনিট মাঠ ছেড়ে বাইরে অবস্থান করেন। পরবর্তীতে সাদিও সানের হস্তক্ষেপে খেলোয়াড়রা মাঠে ফেরেন এবং খেলা পুনরায় শুরু হলে মরক্কোর ইব্রাহিম দিয়াজ প্যানেনকা শট মিস করেন। অতিরিক্ত সময়ে পাপ গেয়ের গোলে সেনেগাল জয় নিশ্চিত করে।

ঘটনার দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল প্যানেল নিয়ম ভেঙে মাঠ ছাড়ার অভিযোগে সেনেগালকে বিজয়ী তালিকা থেকে বাদ দিয়ে ৩-০ ব্যবধানে মরক্কোকে জয়ী ঘোষণা করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সিএএসে আপিল করেছে সেনেগাল।

আইনি লড়াইয়ে ফুটবলের ধারা ৫.২-কে মূল হাতিয়ার করেছে সেনেগাল, যেখানে বলা হয়েছে- ম্যাচের ফল ও ঘটনা সম্পর্কিত বিষয়ে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। যেহেতু কঙ্গোর রেফারি জঁ-জাক এনদাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা না করে খেলা পূর্ণাঙ্গভাবে শেষ করেছিলেন, তাই মাঠে পাওয়া জয় বজায় রাখা উচিত বলে দাবি সেনেগালের।

তবে বন্ধ ঘরে অনুষ্ঠিত এই শুনানির পর সিএএস এখনো চূড়ান্ত রায়ের তারিখ ঘোষণা করেনি। ২০২৭ সালে কেনিয়া, তাঞ্জানিয়া ও উগান্ডায় যৌথভাবে আফকনের পরবর্তী আসর শুরু হওয়ার আগেই ফুটবলের আন্তর্জাতিক আদালত চূড়ান্ত বিজয়ী হিসেবে কার নাম ঘোষণা করে, এখন সেটাই দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর