বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা সাবেক সুইস ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা সাবেক সুইস ফুটবলারের

টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামোন ভেগা আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। প্রথম ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই পদে লড়াইয়ের ঘোষণা দিলেন ৫৫ বছর বয়সী এই সাবেক সুইজারল্যান্ড সেন্টার-ব্যাক। ২০০৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ভেগা ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে নিয়োজিত ছিলেন।

তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদের জন্য লড়াই করার ইচ্ছা ভেগার এটাই প্রথম নয়। ২০১৫ সালে সেপ ব্ল্যাটার দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করার পর প্রথমবার ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানোর কথা ভেবেছিলেন তিনি। এরপর ২০২২ সালেও প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যালটে নাম তোলার মতো পর্যাপ্ত সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থন পাননি।

বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভেগা বলেন, " আগের পরিস্থিতি থেকে এখন অনেক পরিবর্তন এসেছে। ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলো আগের চেয়ে পরিবর্তনের ব্যাপারে অনেক বেশি ইতিবাচক।"

নিজের প্রার্থিতা ঘোষণা করে দেওয়া ১১ পৃষ্ঠার এক ডসিয়ারে ভেগা উল্লেখ করেন, "ফুটবলের সেবা করার জন্যই আমার জীবন আমাকে প্রস্তুত করেছে, তাই আমি এই পদে দাঁড়াচ্ছি। ফুটবলের সততা, সংশ্লিষ্ট মানুষ এবং এর ভবিষ্যৎ রক্ষা ও রক্ষা করা আমার সামাজিক দায়িত্ব বলে মনে করি।"

ফিফার বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করার পরিকল্পনা বাতিল হওয়ার পর থেকেই বিভিন্ন সদস্য দেশের অ্যাসোসিয়েশনের সমর্থন হারাচ্ছেন ইনফান্তিনো।

সম্প্রতি সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইনফান্তিনোর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়।

এ প্রসঙ্গে ভেগা তাঁর নথিতে বলেন, "পুরো ফুটবল পরিবারের মধ্যে বিশ্বাস ও আস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সেই আস্থা পুনরুদ্ধার করতে হবে, ফিফার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে এবং বৈশ্বিক ফুটবল পরিবারকে আবার ঐক্যবদ্ধ করতে হবে।"

রামোন ভেগা নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ফিফার নিয়ম অনুযায়ী প্রার্থী হওয়ার জন্য তাঁকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে অন্তত ৫টির সমর্থন লাভ করতে হবে এবং যেকোনো একটি ফেডারেশন কর্তৃক তাঁর নাম প্রস্তাবিত হতে হবে। বিগত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফুটবলের সাথে সরাসরি যুক্ত থাকার প্রমাণ দিতে হবে।

ফিফার বিশেষ এলিজিবিলিটি রিভিউ (যোগ্যতা যাচাই প্রক্রিয়া) পাস করতে হবে। সম্ভাব্য প্রার্থীদের এই শর্তগুলো পূরণ করার জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর