বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল সংখ্যা, বড় পরিবর্তনের পথে আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল সংখ্যা, বড় পরিবর্তনের পথে আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পরিসর বাড়িয়ে নয়টি দল থেকে ১২টি দলে উন্নীত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সদস্য দেশগুলোর বোর্ডগুলো বর্তমানে পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রাম চূড়ান্ত করার কাজ করছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, দুই বছরের চক্রে নয়টি দল তিনটি হোম ও তিনটি অ্যাওয়েসহ মোট ৬টি টেস্ট সিরিজ খেলে ফাইনালের যোগ্যতা অর্জন করে। তবে ২০২৯-২০৩১ চক্র থেকে এই কাঠামোতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রস্তাবিত নতুন মডেলে অন্তত ১২টি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে, পাশাপাশি একক টেস্ট ম্যাচকেও পয়েন্ট টেবিলের অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হতে পারে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুয়ার খুলে যাবে। আগামী মাসে বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

গ্রিনবার্গ নতুন এই ভাবনার বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, "আমার মনে হয় পরবর্তী চক্রে ১২টি দলের মডেলটিই অনুমোদিত হতে যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী সংস্করণে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই আইসিসি এই পদক্ষেপ গ্রহণ করছে।"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্প্রসারণের প্রশংসা করলেও দীর্ঘতম এই সংস্করণের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিনবার্গ। তাঁর মতে, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে জাতীয় বোর্ডগুলোকে কাঠামোগত ও অর্থনৈতিক সূচিতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

বোর্ডগুলোর আর্থিক সামর্থ্যের দিকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, "আইসিসি থেকে যদি রাজস্বের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী না আসে বা বোর্ডগুলো নিজেরা আয় বাড়াতে না পারে, তবে আয় অপেক্ষা বেশি ব্যয় করা কোনো সংস্থার পক্ষেই সম্ভব নয়। প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকেই এখন বাস্তবসম্মত ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব ক্রিকেটের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এখন এমনই।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর