বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু জীবনে হতে পারে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

‘আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু জীবনে হতে পারে না’

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। ফুটবলের সর্বকালের সেরা এই কিংবদন্তি আজ খেললেন জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটা। সেই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে ফুটবলপাগল ভক্ত-সমর্থকদের মনে একটাই আবেগ- আর্জেন্টাইন জাদুকরের রূপকথার ক্যারিয়ারের পূর্ণতা ও ইতি। আকাশি-সাদা জার্সিকে বিদায় জানাতে গিয়ে কোটি ভক্তের মত মেসি নিজেও হয়ে পড়েছিলেন আবেগতাড়িত, জানিয়েছেন, প্রিয় মাঠ আর দল ছেড়ে কোথাও যেতে চান না তিনি। 

আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে জয় পেয়েছেন মেসি, করেছেন গোলও। বিদায়ী ম্যাচের পর মাঠে দীর্ঘ বক্তব্য দিয়েছেন ফুটবল জাদুকর। লম্বা সেই বক্তব্যে নিজের ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন। তবে মেসির সেই বিদায়ী বক্তব্যের পুরোটা জুড়েই ছিল প্রিয় দল ছেড়ে যাওয়ার কষ্টের কথা। 

তিনি বলেন, ‘২০ বছরের বেশি সময় এই জার্সি পরতে পারা আমার জন্য ছিল বিরাট সম্মানের। আমরা সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়েও গিয়েছি। কিন্তু কখনো লড়াই থামাইনি। কখনো নিজের সর্বস্ব দেওয়া থেকে পিছিয়ে আসিনি। কখনো দলটির পাশে থাকা থেকে বিরত হইনি।’

‘আর এখন ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না।’

চিরকাল আর্জেন্টিনার জার্সিতে খেলতে চাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চিরকাল এখানে থাকতে চাই। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’

জাতীয় দল ছেড়ে যাওয়ার দিনটিকে নিজের সবচেয়ে কষ্টের দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার এই মাঠে ফিরে এসে, আমি সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিনটা অনুভব করছি। কারণ আজই জাতীয় দলকে বিদায় বলছি। বিদায় বলছি তোমাদের সবাইকেও। জাতীয় দলের রং গায়ে জড়িয়ে মাঠে নামাটা আমি ভীষণ মিস করব। তবে এখন থেকে আমি থাকব ওই পাশে। তোমাদের সঙ্গেই। এই ছেলেদের জন্য গলা ফাটাব। সামনে যা আসবে, তার জন্য তাদের সমর্থন করব।’

তিনি বলেন, ‘আর আমি আপনাদের একটা কথা বলতে পারি, আমরা ছিলাম অসাধারণ একটা দল। আর সে কারণেই আমরা এত কিছু অর্জন করতে পেরেছি। সত্যি বলতে, জীবনে আর কখনো এত বেশি কথা বলেছি কি না, জানি না। আমি যেতে চাই না। এই মাঠ ছেড়ে যেতে চাই না। শুধু আপনাদের একটা কথা বলতে চাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনাদের ভীষণ মিস করব।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর