বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইপিএল দলের প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

আইপিএল দলের প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

‘সাইডলাইনে বসে দেখার দিন শেষ। এবার সরাসরি লড়াইয়ের সময়।’ এই কথার সঙ্গেই সৌরভ গাঙ্গুলী ঘোষণা করলেন নতুন অধ্যায়ের। আইপিএল ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালস তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সাবেক অধিনায়ককে। ফ্র্যাঞ্চাইজির হয়ে এটাই তার প্রথম হেড কোচিং দায়িত্ব।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওর মাধ্যমে ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। সেখানে গাঙ্গুলী বলেন, অনেক কিছু দেখা ও অর্জনের পর কেউ হয়তো ভাবেন পাশে থেকে পথ দেখানোই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে কিছু একটা মনে করিয়ে দেয় শুরুর কথা। তার জন্য সেই অনুপ্রেরণা হয়ে উঠেছে এই দলটিই। ‘দিল্লি নিজেদের সময়ের অপেক্ষায় ছিল। এবার দিল্লির সময়। টাইগার ইজ ব্যাক,’—ভিডিওতে তার কণ্ঠে এই কথাগুলো শোনা যায়।

এর আগে দিল্লির সঙ্গে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ২০১৯ সালে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন। পরে ডিরেক্টর অব ক্রিকেট ও মেন্টরের দায়িত্বও সামলেছেন। রিকি পন্টিং হেড কোচ থাকাকালে কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি। সম্প্রতি এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে প্রথমবার কোচিং অভিজ্ঞতা অর্জন করেন। বিসিসিআই সভাপতি ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান হিসেবে প্রশাসনিক দায়িত্বের অভিজ্ঞতাও তার রয়েছে। হেমাং বাদানির নেতৃত্বাধীন কোচিং সেটআপের বিদায়ের পর এখন পুরো দায়িত্ব তার কাঁধে।

দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দাল বলেন, ‘দাদা সবসময়ই আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এবার হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন, এটা ঘোষণা করতে পেরে গর্বিত। তার নেতৃত্বে দল শিরোপার লড়াইয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে নিশ্চিত।’ সহ-মালিক কিরণ কুমার গ্র্যান্ডিও গাঙ্গুলীর দীর্ঘ সংশ্লিষ্টতার কথা তুলে ধরে বলেন, দলের ক্রিকেটীয় কাঠামো সম্পর্কে তার গভীর ধারণা নতুন দায়িত্বে বড় ভূমিকা রাখবে।

নিজের নিয়োগ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘আইপিএলে হেড কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের ফ্র্যাঞ্চাইজি। মালিক, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বছরের পর বছর কাজ করেছি। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে। নতুন মৌসুমে শক্তিশালী ও নির্ভীক একটা দল গড়ে তুলতে চাই।’

কোচিং স্টাফেও নতুন মুখ আসছে। ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিং, পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস এবং স্পিন বোলিং কোচ হিসেবে অমিত মিশ্রকে যুক্ত করার কথা রয়েছে। স্থানীয় তারকা ঋষভ পন্তও লখনউ সুপার জায়ান্টস থেকে ফিরছেন দিল্লিতে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর