মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

একটি যুগের অবসান ঘটল ভারতীয় নারী ক্রিকেটে। দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দেওয়া হারমানপ্রীত কৌর সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার মঙ্গলবার ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্টে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার চালিয়ে যাবেন।

হারমানপ্রীতের পোস্টে লেখা, “আজ আমি সব সংস্করণের ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সিদ্ধান্তটি সহজ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ ও এমন কিছু মুহূর্ত, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমি এই দল ও ভারতীয় ক্রিকেটের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি; আমার রক্ত, ঘাম, সময় এবং বহুবার নিজের ব্যক্তিগত লক্ষ্যকেও বলি দিয়েছি। কারণ আমি বিশ্বাস করতাম, দলই সব সময় সবার আগে।” তিনি আরও বলেন, “অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও ভারতীয় ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনো কমবে না। এখন শুধু খেলার আনন্দের জন্যই মাঠে নামবেন।”

তার নেতৃত্বে ভারতীয় নারী দল এক স্বর্ণযুগ পার করেছে। ২০২৫ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপ শিরোপা জেতে দলটি। এছাড়া এশিয়া কাপ জয় (২০১২, ২০১৬, ২০২২ ও ২০২৬), এশিয়ান গেমসে পরপর সোনা (২০২২ ও ২০২৬) এবং ২০২২ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক অর্জন তার সময়কালের উল্লেখযোগ্য সাফল্য। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় ওডিআই সিরিজ জয়ও তার অধিনায়কত্বেই সম্ভব হয়। সব মিলিয়ে তিনি ২১১টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে রেকর্ড ১৫৫টি টি-টোয়েন্টি। এটি নারী-পুরুষ কোনো খেলোয়াড়ের জন্যই সর্বোচ্চ। 

২০১২ এশিয়া কাপে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্ব পান হারমানপ্রীত। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের পূর্ণাঙ্গ অধিনায়ক হন এবং ২০২২ সালে মিতালি রাজের অবসরের পর তিন ফরম্যাটেই স্থায়ী অধিনায়কের দায়িত্ব নেন। সম্প্রতি গুয়াহাটিতে বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকের পরই এই সিদ্ধান্ত আসে, যেখানে তিনি, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও কোচ অমোল মুজুমদার উপস্থিত ছিলেন।

অধিনায়কত্ব ছাড়ায় পরবর্তী নেতৃত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। হারমানপ্রীতের এই সিদ্ধান্তে দল নতুন অধ্যায়ের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। তিনি নিজেও বলেছেন, “দল এখন ভালো জায়গায় আছে এবং ভবিষ্যৎ উজ্জ্বল।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর