মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইমরানের সঙ্গে পাকিস্তানের আচরণ নিয়ে শাস্ত্রি—মানুষকে এভাবে রাখা যায় না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

ইমরানের সঙ্গে পাকিস্তানের আচরণ নিয়ে শাস্ত্রি—মানুষকে এভাবে রাখা যায় না

ক্রিকেটের দুই দেশের পুরনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও মানবিকতা কখনো হারানো যায় না। সেই কথাই যেন প্রমাণ করলেন ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে চলমান চিকিৎসা ও আচরণ নিয়ে তিনি মুখ খুলেছেন। রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী পরিষ্কার বলেছেন, এটি কোনো রাজনৈতিক মন্তব্য নয়, বরং একজন মানুষ হিসেবে ইমরানের প্রতি সহানুভূতি।

শাস্ত্রী জানিয়েছেন, ইমরানের বর্তমান অবস্থা শুনে তিনি সত্যিই চমকে গেছেন।  ‘আমি কোনো রাজনীতিবিদ নই। কিন্তু আজ তাকে যেভাবে রাখা হচ্ছে, তা দেখে শক লেগেছে। জানেন, কোনো মানুষকে এভাবে আচরণ করা হয় না। মানবিক দিক থেকে আমি মনে করি না সে এমন আচরণের যোগ্য। আমি শুধু নিজের কথা বলছি না। বিশ্বের অনেক ক্রিকেটারও একই কথা বলবেন,’ বলেন তিনি।

বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সাল থেকে কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য খারাপ হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট থাকার কথা জানা গেছে। শাস্ত্রী তার সুস্থতা কামনা করে বলেন,  ‘আমি শুধু আশা করি সে ভালো আছে এবং তার স্বাস্থ্য ভালো আছে। কারণ খেলাটিতে সে যা দিয়েছে তা বিশেষ কিছু। আমার স্মৃতিতে সে একজন অসাধারণ নেতা। মানুষের নেতা। তরুণদের অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তার ছিল। প্রায় ৪০ বছর বয়সে অধিনায়ক হয়ে একদল তরুণ খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ জিতেছিলেন।’

শাস্ত্রীর মতে, ইমরান খান পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখ বিশ্বজুড়ে। তাই তাকে কারাগারে এভাবে রাখা উচিত নয়।  ‘আশা করি সে বেরিয়ে আসবে এবং তার সাথে ভালো ব্যবহার করা হবে। সে অনেকদিন ধরে আছে। রাজনীতি আমি বুঝি না। কিন্তু একটা সেলে বসে থাকা তার প্রাপ্য নয়, কারণ সে বিশ্বব্যাপী সবচেয়ে চেনা পাকিস্তানি মুখ। পছন্দ হোক বা না হোক, এটাই আমার মত,’ যোগ করেন তিনি।

পুরনো প্রতিদ্বন্দ্বীকে স্মরণ করে শাস্ত্রী আরও বলেন,  ‘যে মানুষটিকে আমার সঙ্গে দেখছেন তিনি এক অবিশ্বাস্য ক্রিকেটার। মহান ক্রিকেটার বললেও কম হয়। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা ছিল সম্মানের। সে একজন নেতা, অসাধারণ অলরাউন্ডার।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর