বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল রাতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ উপস্থিতি। বিশ্বকাপজয়ী তারকা যখন নিজ দেশের মাঠে শেষবার মাঠে নামবেন, তখন প্রতিপক্ষ বেনিনের গোলপোস্টে দাঁড়াবেন একজন তরুণ আফ্রিকান কিপার, মার্সেল দানজিনু। তিনি মেসিকে সম্মান করেন, কিন্তু গোল উপহার দেওয়ার কোনো ইচ্ছা নেই।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী দানজিনু স্পষ্ট করে বলেছেন, ‘আমি একজন গোলরক্ষক। আমার কাজ বল ঠেকানো। খেলার শেষ মিনিটেও যদি পেনাল্টি হয় আর মেসি শট নেন, তবু আমি সেটা আটকানোর চেষ্টা করব। এটাই ফুটবল।’ তিনি জানান, ‘তারা মেসিকে উদযাপন করতে এসেছেন ঠিকই, কিন্তু কেউ তাদের বলেনি গোল উপহার দিতে। মেসি নিজেই এত বড় তারকা যে তাকে কিছু উপহার দেওয়ার দরকার নেই। গোল করতে চাইলে নিজের সেরা দিয়েই করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার ক্রুগার ইউনাইটেড ক্লাবের এই গোলরক্ষক ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন। ‘এটা সাধারণ ম্যাচ নয়। মেসির শেষ ম্যাচ বলেই এটা একবারই আসে। আমরা আর্জেন্টিনা ও মেসির জন্য এখানে এসেছি, কিন্তু আমাদের দেশের প্রতিনিধিত্বও ভুলব না। আমরা পর্যটক হয়ে আসিনি, খেলতে এসেছি,’ বলেছেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটার দিকে শুরু হতে যাওয়া এই ম্যাচে দানজিনু ও তার সহকর্মীরা মেসির জার্সি পাওয়ার স্বপ্নও দেখছেন। তিনি হাসতে হাসতে জানান, দলের সবাই চায় মেসির জার্সি। একজন পেলেও বাকিদের জন্য কঠিন হয়ে যাবে। তাই যদি অনেকগুলো জার্সি তৈরি করে দেওয়া হয়, তাহলে দারুণ হয়।
ম্যাচে অংশ নেওয়াকে তিনি জীবনের বড় সম্মান হিসেবে দেখছেন। ‘একজন কিংবদন্তির শেষ ম্যাচে মাঠে থাকা স্মৃতি চিরকাল মনে থাকবে। গর্বের সঙ্গে বলতে পারব, আমি সেখানে ছিলাম।’ মার্কার এই সাক্ষাৎকারে দানজিনুর কথাগুলো স্পষ্ট করে দিয়েছে, মেসির বিদায় অনুষ্ঠানেও ফুটবলের নিয়ম অপরিবর্তিত থাকবে।




