সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের ভাসমান স্টেডিয়াম প্রকল্প স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের ভাসমান স্টেডিয়াম প্রকল্প স্থগিত
সৌদি আরবের প্রস্তাবিত ভাসমান স্টেডিয়ামের স্থাপনা দ্য লাইন-এর একটি নকশা। ছবি: এএফপি

সৌদি আরবের ধূ ধূ মরুভূমির বুকে ৩৫০ মিটার উঁচুতে ভাসমান স্টেডিয়ামের যে অলৌকিক নকশা ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, তা আপাতত শুধুই এক থমকে যাওয়া স্বপ্নের রূপ নিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর মুকুটে যে স্টেডিয়ামটি সবচেয়ে উজ্জ্বল রত্ন হিসেবে ঝলমল করার কথা ছিল, তার বিশাল নির্মাণযন্ত্রগুলো এখন সম্পূর্ণ নিথর। 

সুবিশাল ‘দ্য লাইন’ প্রকল্পের ভেতরে ২.৫ বিলিয়ন ডলার ব্যয়ে ২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তাবিত এই ভেন্যুর নির্মাণকাজ নীরবে স্থগিত করে দিয়েছে রিয়াদ। যে জমকালো ভবিষ্যৎ দেখিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বকে নিজের শক্তি জাহির করতে চেয়েছিল, বাস্তবতার ভূ-রাজনীতি ও অর্থনীতির চাপে সেই সাজানো মঞ্চে এখন সাময়িক বিরতির সুর।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং মধ্যপ্রাচ্যের নির্মাণ খাতের নির্ভরযোগ্য তথ্যদাতা প্ল্যাটফর্ম ‘মিড প্রজেক্টস’-এর এক সাম্প্রতিক তথ্যে এই চিত্র স্পষ্ট হয়েছে। মিড প্রজেক্টস সরাসরি এই প্রকল্পকে 'স্থগিত' তালিকার অন্তর্ভুক্ত করেছে, যেখানে কাজ ফের শুরু হওয়া নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা হয়নি। 

নিওম সিটির ১৬০ কিলোমিটার দীর্ঘ ‘দ্য লাইন’-এর ভেতরে ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভাসমান স্টেডিয়ামটি ২০৩৪ সালের ৪৮ দলের বিশ্বকাপের ১৫টি প্রস্তাবিত ভেন্যুর মধ্যে সবচেয়ে আধুনিক ও বৈচিত্র্যময় হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরবকে বিশ্বকাপের একক আয়োজক হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার পর, মেগা পরিকল্পনা বাস্তবায়নের প্রথম বড় ধাক্কাটি এলো নিওমের এই প্রধান কেন্দ্রবিন্দুতেই।

এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে কাজ করছে দেশটির ওপর তৈরি হওয়া বহুমুখী অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চাপ। রিয়াদ এখন দীর্ঘমেয়াদী রূপকথার প্রকল্পের বদলে দ্রুত মুনাফা এনে দিতে পারে এমন বাস্তবমুখী খাতে মূলধন সরাতে বাধ্য হচ্ছে। কিছুদিন আগেই রিয়াদের মূল আকর্ষণ 'দ্য মুকাব' নামক বিশাল ঘনক আকৃতির ভবনের কাজও একইভাবে থামানো হয়েছিল। তাছাড়া মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে সৃষ্ট উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা সৌদির অবকাঠামোগত সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলেছে। 

সম্প্রতি রিয়াদে আরামকোর একটি স্থাপনার কাছে হুথিদের হামলার দায় স্বীকার এবং বিশ্ববাজারে তেলের চাহিদা ও উৎপাদন কমে যাওয়ার দরুন সৌদি অর্থ মন্ত্রণালয় এ বছর বাজেট ঘাটতি ও প্রকৃত জিডিপি ৩.৬ শতাংশ সংকোচনের আশঙ্কা করছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০৩০ সালের আগে আর ‘দ্য লাইন’-এর মতো চরম ব্যয়বহুল প্রকল্পগুলো তাঁদের প্রধান অগ্রাধিকারের তালিকায় থাকছে না।

অবশ্য এই সিদ্ধান্তের পরও ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সৌদি কতৃর্পক্ষ তাঁদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, অন্যান্য শহরের বাকি স্টেডিয়ামগুলোর নির্মাণকাজ নির্দিষ্ট গতিতেই এগোচ্ছে এবং প্রমাণ হিসেবে তারা একাধিক প্রকল্পের সাম্প্রতিক ছবিও প্রকাশ করেছে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর