সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম

শেয়ার করুন:

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব যেন এক চলমান নাটক, যেখানে সময়ের সঙ্গে পাত্র বদল হওয়াটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। নীতিনির্ধারকদের ঘনঘন সিদ্ধান্ত পরিবর্তন আর পারফরম্যান্সের টানাপোড়েনে 'অধিনায়ক' পদটি পাকিস্তান ড্রেসিংরুমে এক নড়বড়ে চেয়ারের রূপ নিয়েছে। সেই চিরচেনা রেওয়াজ বজায় রেখে আবারও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনের সুর বাজছে। গুঞ্জন উঠেছে, খুব শিগগিরই কুড়ি ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব হারাচ্ছেন সালমান আলী আগা। আর তাঁর শূন্য পদে পিসিবির প্রথম পছন্দ হয়ে উঠেছেন সম্প্রতি এশিয়ান গেমসে সাফল্য এনে দেওয়া সাহিবজাদা ফারহান।

পাকিস্তানি গণমাধ্যম 'সামা টিভি'র এক প্রতিবেদনে একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজেই পাকিস্তানের ট্র্যাকসুটে নতুন দলপতি হিসেবে দেখা যেতে পারে সাহিবজাদা ফারহানকে। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট ইভেন্ট থেকে রৌপ্যপদক জয় করে পাকিস্তান, যার নেপথ্যে বড় ভূমিকা ছিল ফারহানের বিচক্ষণ নেতৃত্বের। 

এই অভাবনীয় সাফল্যের পরই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নজর কাড়েন তিনি। ফলে কেবল একটি নির্দিষ্ট সিরিজের জন্য নয়, ফারহানকে দীর্ঘমেয়াদে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়ার জোরালো ভাবনাই বাস্তবায়নের পথে এগোচ্ছে।

অধিনায়কত্বে এই সম্ভাব্য রদবদলের খবরের পাশাপাশি জাতীয় দলে বেশ কিছু বড় তারকাকে ফেরানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে, শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফের কুড়ি ওভারের ক্রিকেটে মাঠে নামতে পারেন সাবেক কাপ্তান বাবর আজম। তাঁর সঙ্গে অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান, তারকা পেসার নাসিম শাহ এবং মারকুটে ব্যাটার ফখর জামানের দলে ফেরা প্রায় নিশ্চিত। 

এদিকে এশিয়ান গেমস শেষ করে সোমবারই দেশে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান দলের। এই দলে থাকা ক্রিকেটারদের মধ্যে যাঁরা শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে জায়গা পাবেন, তাঁদের অবিলম্বে টেস্ট ও টি-টোয়েন্টির ভেন্যু ইসলামাবাদের ক্যাম্পে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হবে।

তবে নতুনদের আগমন এবং পুরোনোদের প্রত্যাবর্তনের ভিড়ে কপাল পুড়তে পারে বেশ কয়েকজনের। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, হায়দার আলী ও পেসার ওয়াসিম জুনিয়রের স্কোয়াডে জায়গা ধরে রাখা বেশ অনিশ্চিত হয়ে পড়েছে। 

তবে সবচেয়ে বড় চমকপ্রদ খবর হলো, দলের মূল দুই পেস সেনাপতি শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকেও এই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছেঁটে ফেলার বা বিশ্রাম দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ঘরের মাঠে আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। সোমবারই এই বহুল প্রতীক্ষিত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে বোর্ডের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর