রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেইনের জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন এক ভক্ত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

কেইনের জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন এক ভক্ত!

মাঠে ফুটবলারদের গড়ে তোলা প্রতিটি সাফল্যই ফুটবলের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকে। তবে সেই ঐতিহাসিক মুহূর্তের নীরব সাক্ষী হয়ে খেলোয়াড়ের গায়ে থাকা পোশাকটির মূল্য ফুটবলসংগ্রাহকদের কাছে কেবল অর্থ দিয়ে মাপা কঠিন। তেমনই এক অবিস্মরণীয় মুহূর্তের স্মারক হিসেবে বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইনের এক বিশেষ জার্সি সম্প্রতি ক্রীড়াবিশ্বে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। জার্মান ফুটবলে দ্রুততম শততম গোলের মাইলফলক ছোঁয়ার রাতে পরা কেইনের সেই বিশেষ জার্সিটি নিলাম থেকে বিশাল অংকের অর্থে কিনে নিয়েছেন সিঙ্গাপুরের এক ফুটবল অনুরাগী।

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রকাশিত খবর অনুযায়ী, আন্তর্জাতিক এই নিলামে জার্সিটি নিজের করে নিতে চলেছিল দুই দেশের ফুটবলপ্রেমীর হাড্ডাহাড্ডি লড়াই। যুক্তরাষ্ট্রের এক ক্রেতা সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত দর হাঁকালেও শেষ পর্যন্ত তাকে পেছনে ফেলে বাজিমাত করেন সিঙ্গাপুরের ওই ভক্ত। তিনি রেকর্ড ৫৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ টাকা) খরচ করে কেইনের এই স্মৃতিচিহ্নটি নিজের সংগ্রহে যুক্ত করেন।

জার্সিটি সংগ্রাহকদের কাছে এত মূল্যবান হয়ে ওঠার মূল কারণ কেইনের এক অবিশ্বাস্য কীর্তি। বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচে পোশাকটি গায়ে চাপিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। সেই রাতেই তিনি জার্মান লিগের ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০টি গোলের মাইলফলক স্পর্শ করেন। মাত্র ৯৮টি ম্যাচ খেলে এই অনন্য উচ্চতায় পৌঁছান তিনি, যা আগের রেকর্ডধারী কোলনের কিংবদন্তি ডিয়েটার মুলারের (১২৯ ম্যাচ) রেকর্ডকে পেছনে ফেলে দেয়। ঐতিহাসিক সেই ম্যাচে নিজের শততম গোলেই থেমে থাকেননি কেইন, ম্যাচ শেষে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০১-এ।

তবে জার্সিটির আকর্ষণ শুধু কেইনের এই মাইলফলকেই সীমাবদ্ধ ছিল না। মিউনিখের বিখ্যাত ঐতিহ্যবাহী 'অক্টোবরফেস্ট' উৎসব উপলক্ষে বিশেষ এই জার্সিটির নকশা করা হয়েছিল। পুরো মৌসুমে বায়ার্ন মিউনিখ মাত্র একটি ম্যাচেই এই বিশেষ কিটটি ব্যবহার করেছিল, যা এর সংগ্রাহক মূল্য বহুগুণ বাড়িয়ে দেয়। নিলাম থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ প্রদান করা হবে 'এফসি বায়ার্ন হিলফে' ফাউন্ডেশনে, যা দুস্থ ও কঠিন পরিস্থিতিতে পড়া মানুষদের সহায়তায় কাজ করে থাকে।

উক্ত নিলামে বায়ার্নের অন্যান্য তারকাদের পোশাক রাখা হলেও কেইনের জার্সির আকাশচুম্বী মূল্যের ধারেকাছে কেউ পৌঁছাতে পারেনি। সতীর্থ জামাল মুসিয়ালার জার্সি বিক্রি হয়েছে ৭ হাজার ২৯২ ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা) এবং মাইকেল ওলিসের জার্সিটির সর্বোচ্চ দাম ওঠে ৫ হাজার ৫০০ ইউরো (প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা)। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর