রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফুটবলারদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ, বন্ধ হতে পারে ভাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

ফুটবলারদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ, বন্ধ হতে পারে ভাতা

১ অক্টোবর ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে ইন্দোনেশিয়ার মাঠে বাংলাদেশ দলের ৯-২ গোলের সেই বড় হারের পর দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সেই আগুনে আরও তেল ঢালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবি। ইন্দোনেশিয়ার এক নারীর পোস্ট করা ওই ছবিতে দেখা যায় দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে। অভিযোগ উঠে, ম্যাচ শেষে তাঁরা নাইটক্লাবে গিয়েছিলেন। ছবি দেখে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দুই খেলোয়াড় অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ছবিটি পুরনো। ম্যাচের সঙ্গে এর কোনো যোগ নেই। তবুও বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গভীর হতাশা প্রকাশ করেছেন। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এশিয়ান গেমসে উশুতে পদকজয়ী জিনাত আক্তারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “ফুটবলের ফলাফল এমনিতেই খুব বাজে হয়েছে। তার ওপর এই অভিযোগ এসেছে। আমি অত্যন্ত হতাশ।”

প্রতিমন্ত্রী জানান, সত্যতা যাচাইয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দলের তৎকালীন ব্যবস্থাপনায় কারা ছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলোয়াড়রা যদি রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় থাকেন, তাহলে সেই ভাতাও বাতিল করা হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে কথা বলেছেন। সভাপতি এখন দেশের বাইরে আছেন। ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে এগোবেন। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এ ধরনের দুর্বল পারফরম্যান্সের পর কীভাবে তাঁরা এমন কাজ করার সাহস পেলেন। পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

এই ঘটনায় ফুটবলারদের আচরণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। দেশের ফুটবলের মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তার ওপর এমন অভিযোগ পুরো চিত্রকে আরও জটিল করে তুলেছে। তদন্তের ফল কী আসে, সেদিকেই এখন সবার নজর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর