সবুজ গালিচায় সাফল্য আর রেকর্ড যার প্রতিদিনের সঙ্গী, সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর আকাশেই এখন কালো মেঘের ঘনঘটা। সময়টা বড্ড নিষ্ঠুর কাটাচ্ছে পর্তুগিজ মহাতারকার জন্য। জাতীয় দলের জার্সি গায়ে সম্প্রতি তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত বিতর্ক, একাদশে জায়গা না পাওয়া আর মাঠের বাইরের নানা গুঞ্জন; সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ এখন এক বড় প্রশ্নচিহ্নের মুখে।
ঠিক এমন এক সংকটময় মুহূর্তে রোনালদোর পাশে এসে দাঁড়িয়েছেন তার পুরোনো শিক্ষক ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি কোচ জিনেদিন জিদান। সমালোচকদের তীব্র আক্রমণের মুখে সাবেক শিষ্যের ক্যারিয়ার আর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরাসি এই ফুটবল গুরু জানিয়ে দিলেন, রোশনাই কিছুটা কমলেও রোনালদোর অর্জনকে ছোট করার সুযোগ নেই।
সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে রোনালদোকে ঘিরে জলঘোলা কম হয়নি। জাতীয় দলের ডাগআউটে কোচ জর্জ জেসুসের একের পর এক সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও পরের ম্যাচে তাকে পুরো নব্বই মিনিট বসিয়ে রাখা হয় বেঞ্চে।
পরিস্থিতি আরও ঘোলাটে রূপ নেয় যখন তৃতীয় ম্যাচেও প্রথম একাদশে সুযোগ না পাওয়ার শঙ্কা তৈরি হয়। অভিমানী রোনালদো শেষ পর্যন্ত জাতীয় দলের ক্যাম্প ছেড়ে প্রস্থান করেন। এই ঘটনা আন্তর্জাতিক ফুটবল থেকে তার সম্ভাব্য অবসরের জল্পনা-কল্পনাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়টি এখন বেশ গুরুত্বের সঙ্গেই ভাবছেন তিনি।
এমন এক টালমাটাল পরিস্থিতিতে রোনালদোর সমর্থনে সোচ্চার হয়েছেন তার সাবেক কোচ। রোববার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান সাবেক শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ হন। ফরাসি এই কিংবদন্তি বলেন, “তার অসাধারণ বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করতেই হবে। আমি ভাগ্যবান যে তাকে আমার সঙ্গে পেয়েছিলাম। সে আমাকে অনেক শিরোপা জিততে সাহায্য করেছে। ক্রিশ্চিয়ানো কে সালাম! যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সবার প্রতিই আমার সবসময় গভীর শ্রদ্ধা রয়েছে।”
রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউতে জিদান ও রোনালদো জুটি ছিল রীতিমতো অপ্রতিরোধ্য। তাদের পারস্পরিক আস্থা ও কৌশলী ফুটবলে স্প্যানিশ জায়ান্টরা জিতেছিল একের পর এক মর্যাদাপূর্ণ ট্রফি। জিদানের অধীনেই রোনালদো তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছেন। তাই আজ যখন পুরো ফুটবল বিশ্ব পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে সমালোচনায় মুখর, তখন সাবেক কোচের এই বুক চিতিয়ে পাশে দাঁড়ানো কেবল একটি বক্তব্য নয়, বরং তাদের গভীর আত্মিক সম্পর্কেরই অনন্য বহির্প্রকাশ। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে থাকা রোনালদোর জন্য সাবেক কোচের এই সমর্থন নিঃসন্দেহে পরম স্বস্তির।




